ভারতে কোভিডে মৃতদের স্মরণে ভার্চুয়াল স্মৃতিসৌধ
কোভিড-১৯ এ মারা যাওয়া বহু মানুষকেই শেষ দেখাটাও দেখতে পারেননি তদের আত্মীয়রা। জানাতে পারেননি শেষ শ্রদ্ধা। এমন কষ্ট বুকে চেপে আছেন অনেকেই। এবার তাদের সেই অনুভূতি ভাগ করে নিতে চালু হয়েছে অনলাইন কোভিড মেমোরিয়াল বা ভার্চুয়াল স্মৃতিসৌধ।
বিবিসি জানায়, কলকাতায় গত শনিবার কোভিড কেয়ার নেটওয়ার্কের হাত ধরে করোনাভাইরাসের বলি স্বজনদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে -ন্যাশনালকোভিডমোমোরিয়াল.ইন- স্মৃতিমঞ্চ।
ওয়েবসাইটে ঢুকে করোনাভাইরাসে মারা যাওয়া প্রিয়জনের ছবি এবং সংক্ষিপ্ত জীবনীর পাশাপাশি স্মৃতিকথার ব্লগ পোস্ট করতে পারবেন যে কেউ। স্মৃতিচারণার ছবি, লেখা পাঠানো যাবে।
তাছাড়া, প্রতি বছরই মৃত্যুদিনে ভার্চুয়াল ফুল-মালা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা যাবে প্রিয়জনকে। চিরদিনের জন্য থেকে যাবে এই ই-স্মতিসৌধ।
একদল চিকিৎসক এবং সমাজকর্মী এ উদ্যোগ নিয়েছেন। সমাজকর্মীদের সঙ্গে মিলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকরাও এই স্মৃতিসৌধ চালু রাখতে সহায়ক ভূমিকা পালন করবেন।
সাইটটিতে এরই মধ্যে শ্রদ্ধা নিবেদন শুরুও হয়েছে। স্বজনদেরকে তাদের মৃত প্রিয়জনদের পরিচিতির জন্য ডেথ সার্টিফিকেট এবং ফোন নাম্বার আপলোড করতে হবে।
এই পদক্ষেপের অন্যতম উদ্যোক্তা চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, “ভারতীয়দের জন্য তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মৃতিকে তাজা রাখতেই এ প্রচেষ্টা। এখানে যোগ দিতে পারেন যে কেউ।”
“চলে যাওয়ার সময় যে উষ্ণতা দিয়ে প্রিয়জনদের ঘিরে থাকার কথা ছিল, তা সম্ভব হয়নি অনেক ক্ষেত্রেই। যে মর্যাদা মৃতদের প্রাপ্য, তা দেওয়া যায়নি। সেই যন্ত্রণার কিছুটা উপশমের চেষ্টায়ই এ উদ্যোগ।”
ভারতে কোভিডে ১৫৪,০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহামারীর এই সময়ে বেরিভাগ ক্ষেত্রেই মারা যাওয়াদের পরিবারের সদস্যদেরকে শেষকৃত্যে যেতে দেওয়া হয়নি।
আবার অনেকক্ষেত্রে মৃত্যুপথযাত্রী রোগীরা আইসোলেশন ওয়ার্ডের শীতল পরিবেশে স্বজনহীন অবস্থায় পাড়ি দিয়েছেন মৃত্যুর পথে। কোভিড মেমোরিয়াল তাদের সবাইকে একসুতোয় গাঁথবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
