কনে কোভিড আক্রান্ত, তাই পিপিই পরেই বিয়ে
বিয়ের দিন সকালেই কনের করোনাভাইরাস ‘পজিটিভ’ আসায় অবশেষে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরেই বিয়ে সেরেছেন ভারতের রাজস্থানের এক জুটি।
ইন্ডিয়া টুডে জানায়, রোববার রাজস্থানের বড়ার কেলওয়ারা কোভিড সেন্টারে হয় এই বিয়ের অনুষ্ঠান৷ সোশ্যাল মিডিয়ায় সংবাদসংস্থা এএনআই এর শেয়ার করা এই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে৷
বিয়ের আসরে অতিথি বলতে ছিলেন মাত্র একজন। আর একজন পুরোহিত বিয়ে পড়ান। তারাও পিপিই পরেছিলেন বলে জানিয়েছে বিবিসি।
বর-কনে বিয়ের ঝলমলে পোশাকের বদলে পিপিই পরলেও বরের মাথায় ছিল পাগড়ি৷ ভিডিওতে দেখা গেছে, গ্লাভস, ফেস শিল্ড পরা এই জুটি দূরত্ব বজায় রেখেই মালাবদল করাসহ বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সেরেছেন৷
স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বর ও কনের পরিবার। স্বাস্থ্য কর্তৃপক্ষ বর-কনে সহ প্রত্যেককে পিপিই কিট সরবরাহ করেছে এবং কোভিড সেন্টারে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আরিফ বলেন, “বর-কনের পরিবার সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও প্রথা অনুযায়ী তাদেরকে বিয়ে সারতে হয়েছে; যেহেতু কিছু আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। তাদের সেন্টিমেন্টের দিকটি বিবেচনা করে প্রশাসন সব সুরক্ষা ব্যবস্থাসহ এই বিয়ের অনুমতি দিয়েছে।”
আরিফ বিয়ের তদারকিতে ছিলেন। তিনি বলেন, উদ্বেগ নিয়েই কোভিড-১৯ মহামারীর এই সময়ে অভিনব ব্যবস্থায় এ বিয়ে সারতে হল। কনে এবং তার মাও করোনাভাইরাস পজিটিভ এবং তারা এখন ওই কোভিড সেন্টারে কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান আরিফ।
বিয়ের পর কনে এবং বরকেও এই কোভিড সেন্টারেই আইসোলেসনে রাখা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা আরিফ জানিয়েছেন, কনেকে পরবর্তীতে আরও কয়েকবার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে এবং পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসলেই কেবল তাকে স্বামীর কাছে যেতে দেওয়া হবে।
