২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর প্রদেশের বিধান পরিষদের ২ আসনে হারল বিজেপি

টানা ১০ বছর দখলে রাখার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারণসীর বিধান পরিষদের দুটি আসনের নির্বাচনে বিজেপির প্রার্থীরা হেরে গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 03:24 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

শিক্ষক ও স্নাতকদের জন্য সংরক্ষিত ওই দুই আসনে সমাজবাদী পার্টির (এসপি) লাল বিহারি যাদব ও আশুতোষ সিনহা জয়লাভ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

গত ৬ মে উত্তরপ্রদেশের আইন সভার উচ্চকক্ষ বিধান পরিষদের ১১টি আসন খালি হলেও করোনাভাইরাসের জন্য নির্বাচন পিছিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিয়ে আসা হয়। 

শিক্ষক ও স্নাতকদের জন্য সংরক্ষিত এ ১১ আসনে মোট প্রার্থী ছিলেন ১৯৯ জন। ২টি আসনের ফল এখনও ঘোষিত হয়নি। বাকি ৯টির মধ্যে বিজেপি ৪টি, সমাজবাদী পার্টি ৩টি এবং নির্দলীয় প্রার্থীরা ২টি করে আসনে জিতেছেন।

মোট ফলাফলে পিছিয়ে থাকলেও মোদীর সংসদীয় এলাকার দুটি আসনে জয় পাওয়ায় উচ্ছ্বসিত অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী দল।  

“বিরাট বিজয়। আমি আমাদের এ ফলাফলে খুশি,” জেতার পর দেওয়া প্রতিক্রিয়ায় বলেন বারণসীতে শিক্ষকদের জন্য সংরক্ষিত বিধান পরিষদের আসনের এসপি প্রার্থী বিহারি যাদব।

অপরদিকে নিজের দুর্ভেদ্য ঘাঁটির এ ‘প্রেস্টিজ’ লড়াইয়ে হারায় এলাকা দুটির বিজেপি শিবির হতাশ।

বিজেপির ঘাঁটি বলে খ্যাত বারণসীতে ক্ষমতাসীনদের এ পতন অনেককেই বিস্মিত করেছে। ২০১৪ সালে লোকসভার বারণসী আসনে মোদী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চেয়ে ৩৬ শতাংশ বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। ২০১৯ এ সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে মোদীর ভোটের ব্যবধান ছিল আরও বেশি, ৪৫ শতাংশ।

মোদীর আগে লোকসভার এ আসন ছিল আরেক বিজেপি নেতা মুরলি মনোহর যোশীর নিয়ন্ত্রণে।

ভারতের যে ৬টি রাজ্যে আইনসভার নিম্নকক্ষ (বিধানসভা) ও উচ্চকক্ষ (বিধান পরিষদ) রয়েছে, উত্তরপ্রদেশ তার অন্যতম। রাজ্যটির বিধান পরিষদে আসন সংখ্যা ১০০।