২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রায়ালে টিকা নেওয়ার পর ভারতের রাজ্যমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ

ভারতে তৈরি কোভিড-১৯ এর সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশ নেওয়া হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2020, 11:57 PM

Updated : 18 Aug 2022, 04:10 PM

১৫ দিন আগে কোভ্যাক্সিনের তৃতীয় পর্বের ট্রায়ালে স্বেচ্ছাকর্মী হিসেবে অংশ নিয়েছিলেন অনিল ভিজ, কিন্তু এখন পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে; জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

শনিবার এক টুইটে তিনি নিজেই নিজের দেহে করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছেন তিনি।

“পরীক্ষায় আমার করোনাভাইরাস পজিটিভি এসেছে। আমি আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। যারা আমার ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছি,” টুইটে বলেছেন তিনি।

হায়দ্রাবাদভিত্তিক ওষুধ কোম্পানি ভারত বায়োটেক এক বিবৃতিতে বলেছে, দুটি ডোজ নেওয়ার পর কোভ্যাক্সিন কার্যকর হতে শুরু করবে, তাদের টিকাটি এমনভাবেই তৈরি করা হয়েছে। দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর টিকাটি কার্যকারিতা নির্ধারিত হতে পারে।

তাদের ব্যাখ্যায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, টিকাটির দ্বিতীয় ডোজ নেওয়ার পর শরীরে সংক্রমণ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে, কিন্তু অনিল কোভ্যাক্সিনের শুধু প্রথম ডোজ নিয়েছেন।

ভারতের বিভিন্ন অঞ্চলে বায়োটেকের এই সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। প্রথম দুই ধাপের পরীক্ষায় প্রায় এক হাজার লোক অংশ নিয়েছিল। সেই পরীক্ষা সফল হওয়ার পর তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করা হয়।

২০ নভেম্বর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিলেন ৬৭ বছর বয়সী অনিল। স্বেচ্ছাকর্মী হিসেবে তিনি এই ট্রায়ালে অংশ নিচ্ছেন, তা আগেই জানিয়েছিলেন।