জম্মু-কাশ্মীরে পাকিস্তানি গোলায় ৪ ভারতীয় সেনাসহ নিহত ৭
জম্মু ও কাশ্মীরের চারটি এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ এর এক সাব-ইন্সপেক্টর এবং তিন সেনা নিহত হয়েছে। মারা গেছে তিন গ্রামবাসীও। আহত হয়েছে আরও ৮ জন।
শুক্রবার বিভিন্ন জায়গায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারতীয় বাহিনীও গুলি এবং মর্টার শেল ছুড়েছে বলে সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ‘দ্য হিন্দু’ পত্রিকা।
ভারতীয় এক সেনা মুখপাত্র বলেছেন, “পাকিস্তান প্রথমে নিয়ন্ত্রণ রেখা বরাবর কেরন, উরি, নওগাম এবং দাওয়ার সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে উস্কানি দিয়েছে। তারা ইচ্ছাকৃতভাবেই বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্য করেছে। ভারতীয় তিন সেনা নিহত এবং তিন সেনা আহতও হয়েছে।”
“এর জবাবে ভারতীয় বাহিনী কয়েকটি গোলাবারুদের ডিপো, জ্বালানি ডাম্প এবং কয়েকটি লঞ্চ প্যাড লক্ষ্য করে গোলা ছুড়েছে।”
এর আগে শুক্রবার সকালের দিকে এক কর্মকর্তা জানিয়েছিলেন, নিয়ন্ত্রণ রেখার বারমুল্লা উরি সেক্টরে মর্টার শেলের আঘাতে বিএসএফ এর একজন সাব-ইন্সপেক্টর নিহত হন। মাথায় আঘাত লেগে তিনি আহত হয়েছিলেন। পরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন এক বিএসএফ মুখপাত্র।
আরেক কর্মকর্তা জানান, বারমুল্লা উরিতেই মর্টার শেল এবং গুলিতে এক নারীসহ তিন গ্রামবাসী নিহত হয়। আর উত্তর কাশ্মীরের বন্দিপোরায় গুরেজের বাগতোর সেক্টরে গোলায় ৫ বেসামরিক নাগরিক আহতও হয়েছে।
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার এক কর্মকর্তা জানান, পুঞ্চের পির পাঞ্জলের সওজান সেক্টরে পাকিস্তানি মর্টারের গোলায় অন্তত তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে। একটি বাস স্ট্যান্ডে গোলা পড়ে লোকজন আহত হয়েছে।
ভারতীয় সেনারা বলছে, শীতের এই সময়ে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে মর্টার ও অন্যান্য অস্ত্রের হামলা চালিয়েছে পাক বাহিনী। তবে তাদের এই চেষ্টা বিফল করে দেওয়া হয়েছে।
শ্রীনগরের এক সেনা মুখপাত্র বলেছেন, শুক্রবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কেরন সেক্টরে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর তাদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
