২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতার বাসভবনের সামনে ‘অসাবধানে গুলি বেরিয়ে’ কনস্টেবল আহত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2020, 06:29 PM

Updated : 08 Apr 2022, 01:16 AM

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে মমতার কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা কর্মীদের জন্য বরাদ্দ বুথেই কনস্টেবল দিনেশ কর্মকার আহত হন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মুখে গুলিবিদ্ধ দিনেশকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল, বলছেন চিকিৎসকরা। 

দিনেশ কীভাবে আহত হলেন সে বিষয়ে কলকাতা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি; ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ নিয়ে কিছু বলতে রাজি হননি।

বৃহস্পতিবার সকালে দায়িত্ব বদলের সময় ‘অসাবধানতাবশত বেরিয়ে যাওয়া গুলিতে’ দিনেশ আহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য জানান, দায়িত্ব বদলের সময় নিয়ম অনুযায়ী আগে দায়িত্ব পালন করা কর্মকর্তার আগ্নেয়াস্ত্রের গুলির ম্যাগাজিন খুলে সেই আগ্নেয়াস্ত্রটিই পরবর্তীতে যার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হয়। এই ম্যাগাজিন খোলার সময়ই অসাবধানতাবশত গুলি বেরিয়ে দিনেশের মুখে লাগে বলে অনুমান করা হচ্ছে।

ঘটনাস্থলে সেসময় থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশের বেশ কয়েকটি সূত্র।

বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ পুলিশের সদরদপ্তর ভবানী ভবনের অস্ত্রাগারে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময় ‘অসতর্কতায়’ বেরিয়ে যাওয়া গুলিতে বিপ্লব মন্ডল নামে অন্য এক পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

গুরুতর আহত বিপ্লবকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।