করোনাভাইরাস: কাঠমান্ডু ভ্যালিতে এক সপ্তাহের লকডাউন
করোনাভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করায় নেপাল সরকার রাজধানী কাঠমান্ডু ও আশেপাশের এলাকায় এক সপ্তাহের জন্য সব ধরনের জনসমাবেশ ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করেছে। বেশিরভাগ যান চলাচলও বন্ধ থাকবে।
এই সময়ে জনগণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকে কাঠমান্ডু ভ্যালিতে এক সপ্তাহের এ লকডাউন শুরু হয়েছে, যা প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছে সরকার। লকডাউন অমান্যকারীদের জেল ও জরিমানার মুখে পড়তে হবে।
নেপালে মঙ্গলবার ১,০১৬ জন নতুন রোগী শনাক্ত হয়। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। দেশটিতে এখন পর্যন্ত ২৮ হাজার ২৫৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার মারা যাওয়া সাত জন নিয়ে মোট মৃত্যু ১১৪।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর অন্যান্য দেশের মত নেপালও লকডাউন জারি করে। গত জুনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে স্থানীয়ভাবে যান চলাচল করাসহ অন্যান্য নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়া শুরু হয়। কিন্তু জুলাই থেকে সেখানে সংক্রমণ আবার বাড়ছে।
বুধবার জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘কাঠমান্ডু জেলায় লকডাউনের সময় ব্যক্তিমালিকানাধীন এবং গণ পরিবহন চলতে দেওয়া হবে না। শুধু জরুরি পণ্যবাহী যান এবং নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীদের বহন করা গাড়ি চলতে দেওয়া হবে।
‘‘সব ধরনের অনুষ্ঠান আয়োজন এবং ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করা হলো।”
ভ্যালির ৪০ লাখ বাসিন্দাকে ঘরে থেকে সব সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান দেখার অনুরোধও জানানো হয়েছে।
কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার সব ব্যবস্থা প্রস্তুত আছে বলে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জগেশ্বর গৌতম।
