মেলার মাঠে প্রাচীর দেওয়া নিয়ে বিশ্বভারতীতে ভাংচুর
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে মাঠে পৌষমেলা হয় সেই মাঠে প্রাচীর তোলাকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোল ও ভাংচুর হয়েছে।
জার্মানির সংবাদ সংস্থা ডয়চে ভেলে (বাংলা বিভাগ) জানায়, সোমবার সকালে ঘটনার সূত্রপাত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে মাঠে পৌষমেলা হয় সেই মাঠ প্রাচীর দিয়ে ঘেরার কাজ করছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সোমবার সকালে স্থানীয় কয়েকজন দলবল নিয়ে সেখানে হাজির হয়।
তারা নির্মাণ কাজে বাধা দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে মাঠ ঘেরার কাজ বন্ধ করতে বলে। কর্তৃপক্ষ সে কথায় কান না দিলে শুরু হয় ভাংচুর। তছনছ করা হয় নির্মাণ সামগ্রী। ভেঙে দেওয়া হয় বিশ্বভারতীর একটি অস্থায়ী অফিস। একটি গেটও ভাঙা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সে সময় ঘটনাস্থলে স্থানীয় এক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন বলেও জানায় ডয়চে ভেলে।
কয়েকদিন আগেই বিশ্বভারতী কর্তৃপক্ষ করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর পৌষমেলা আয়োজন না করার ঘোষণা দেয়। গত শনিবার থেকে মেলার মাঠে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয় বলে জানায় কলকাতার আনন্দবাজার পত্রিকা। কিন্তু স্থানীয়দের একটি অংশ এর প্রতিবাদ জানায়।
বিশেষ করে, বোলপুর এবং শান্তিনিকেতনের ব্যবসায়ীদের একাংশ পৌষমেলার পক্ষে। যা নিয়ে তর্ক-বিতর্ক এবং মিছিল-পাল্টা মিছিল হচ্ছিল।
মেলা আয়োজনের পক্ষের লোকজন ‘মেলার মাঠ বাঁচাও, শান্তিনিকেতন বাঁচাও’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ তৈরি করে তাদের পক্ষে মত জোগাড় করছিল।
পৌষমেলা ঘিরে রোববার থেকে শান্তিনিকেতনে উত্তেজনা চরমে উঠে। সোমবার সকালে দুইপক্ষের তর্কাতর্কি, হাতাহাতিতে পরিণত হয়। তারপরই শুরু হয়ে যায় ভাংচুর।
বিশ্বভারতীর এই গণ্ডগোল নিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে বলেছেন, এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন।
বিশ্বভারতী কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে সোমবারের ঘটনার পর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী প্রাঙ্গন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় আনন্দবাজার পত্রিকা।
বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তাই এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে আনন্দবাজার পত্রিকাকে জানান মমতা।
তিনি বলেন, ‘‘রাজ্যপাল আমাকে ফোন করার পর আমি খোঁজ নিয়ে যা জেনেছি, ওখানে একটা নির্মাণকাজ চলছিল। সেখানে কাজ চলার সময় কিছু বহিরাগত উপস্থিত হয়। ছাত্ররা তার প্রতিবাদ জানায়। জেলা প্রশাসককে বলেছি, উপাচার্যের সঙ্গে কথা বলে প্রয়োজনে শিক্ষার্থী ও স্থানীয়দের নিয়ে বৈঠক করুন। আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।
“রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী গড়ে তুলেছিলেন প্রাকৃতিক পরিবেশে শিক্ষাদানের জন্য। আমি একটাই কথা বলব, বাংলার ঐতিহ্য যাতে নষ্ট না হয়, বিশ্বভারতীর গৌরব এবং ঐতিহ্য যাতে অটুট থাকে, তা আমাদের সবার দেখা উচিত। নির্মাণ মানেই তা সৌন্দর্য বাড়ায় এমন নয়।”
