২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভূমিধসে ৯ জনের মৃত্যু

নেপালের প্রত্যন্ত একটি গ্রামে ভারি বৃষ্টিপাতের মধ্যে ভূমিধসের ঘটনায় অন্তত নয় জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2020, 07:17 PM

Updated : 25 Jul 2022, 07:04 PM

এদের নিয়ে নেপালে মে মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত বন্যা ও ভূমিধসে মোট মৃত্যুর সংখ্যা ১৬০ জনে দাঁড়িয়েছে বলে বুধবার দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ৪৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে প্রত্যন্ত নরাহরিনাথ গ্রামে মঙ্গলবার গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘুমের মধ্যেই এক পরিবারের সাত জন নিহত হন। এদের মধ্যে তিনটি শিশু ও তিন জন নারী রয়েছেন।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানিয়েছেন, একই গ্রামে দ্বিতীয় ভূমিধসে অপর একটি বাড়ি চাপা পড়ে আরও দুই জন নিহত হয়েছেন। ভূমিধসের পর ওই পরিবারের আরও তিন সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নেপালে বন্যা ও ভূমিধসের বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত ৫৮ জন নিখোঁজ ও ৮৭ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

দক্ষিণ এশিয়ায় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল বিরাজ করে। এ সময় নেপালে নিয়মিতভাবেই বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটে থাকে।

নেপাল সংলগ্ন ভারতের বিহার রাজ্যে প্রায় ৩০ লাখ লোক বন্যার কবলে পড়েছেন। এখানে এ পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ৫৭ লাখ লোক বন্যাক্রান্ত হয়েছেন। রাজ্যটিতে এ পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে।