পৃথিবীর পথে থাকা গ্রহাণুর খোঁজ দিল দুই ভারতীয় কিশোরী
হাওয়াই বিশ্ববিদ্যালয়ের টেলিস্কোপে তোলা ছবি বিশ্লেষণ করে স্কুলে পড়ুয়া দুই ভারতীয় কিশোরী পৃথিবীর পথে থাকা একটি গ্রহাণুর খোঁজ দিয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা ইনস্টিটিউট।
গ্রহাণুটি এখন মঙ্গলগ্রহের কাছে অবস্থান করছে; প্রায় দশ লাখ বছর সময়ের মধ্যে এটি পৃথিবীর কাছ দিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে, সোমবার বলেছে বেসরকারি মহাকাশ গবেষণা ইনস্টিটিউট স্পেস ইন্ডিয়া।
সুরাটের দুই কিশোরী এই বেসরকারি প্রতিষ্ঠানেই জ্যেতির্বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ নিয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
“কখন আমরা গ্রহণুটির নাম রাখার সুযোগ পাব, সেদিকে তাকিয়ে আছি,“ বলেছেন স্কুলছাত্রী বৈদেহী ভেকারিয়া। বড় হলে নভোচারী হতে চান তিনি।
গ্রহাণুটিকে আপাতত এইচএলভি২৫১৪ নামে ডাকা হচ্ছে; নাসা এর কক্ষপথ নিশ্চিত হওয়ার পরই গ্রহাণুটির আনুষ্ঠানিক নাম দেওয়া হবে বলে স্পেস ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন।
বৈদেহী ছাড়া অন্য যে কিশোরী গ্রহাণুটির আবিষ্কারের সঙ্গে জড়িত তার নাম রাধিকা লাখানি।
তিনি বলেন, “আমি যেন পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারি, সেজন্য আমার বাড়িতে কোনও টেলিভিশনও নেই।”
রয়টার্স জানিয়েছে, গ্রহাণু ও ধুমকেতুকে পৃথিবীর জন্য সবসময়ই সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞানীরা প্রতিবছর এরকম কয়েকহাজার গ্রহাণু ও ধুমকেতু খুঁজে বের করেন।
২০১৩ সালে আইফেল টাওয়ারের চেয়েও ভারি একটি গ্রহাণু রাশিয়ার মধ্যাঞ্চলে আছড়ে পড়ে এক হাজারেরও বেশি মানুষকে আহত করেছিল।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অনুমোদিত নাগরিক বিজ্ঞানীদের দল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকাল সার্চ কোলাবোরেশনের (আইএএসসি) সঙ্গে স্পেস ইন্ডিয়ার যৌথভাবে গ্রহাণুর খোঁজে চালানো অভিযানের অংশ হিসেবে বৈদেহী ও রাধিকা এ এইচএলভি২৫১৪ এর সন্ধান পায়।
আইএএসসির পরিচালক জে প্যাট্রিক মিলার দুই স্কুলশিক্ষার্থীকে পাঠানো এক ইমেইলে তাদের আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্স ওই ইমেইলটি দেখেছে।
দুই কিশোরী হাওয়াইয়ের প্যান-স্টারস টেলিস্কোপের তোলা ছবি বিশ্লেষণে বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার করেছে। তারা জুনেই গ্রহাণুটির খোঁজ দিয়েছিল বলে জানিয়েছে স্পেস ইন্ডিয়া।
