কোভিড-১৯: ভারতে ২৪ ঘণ্টায় রোগী বাড়ল ৪০ হাজার
ভারতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের নতুন রেকর্ডের মধ্য দিয়ে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪২৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এদের নিয়ে দেশটিতে শনাক্ত হওয়া মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ১৮ হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।
দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা রেকর্ড বৃদ্ধির দিনটিতে দেশটিতে সংক্রমণের হারও বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনে এ হার ১০ শতাংশের আশপাশে থাকলেও ২৪ ঘণ্টার মধ্যেই তা বেড়ে ১৫ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।
ওই একই সময় আরও ৬৮১ জন করোনাভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে।
আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলেও ভারতে কোভিড-১৯ থেকে সেরে ওঠা রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সাত লাখ ৮৭ জন রোগমুক্ত হয়েছেন।
আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র রাজ্য। এরপর আছে তামিলনাডু, দিল্লি, কর্নাটক, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ ও গুজরাট।
মহারাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ১০ হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে। এখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৫৪ জনের।
তামিলনাডুতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজার ৬৯৩ জন এবং মৃত্যুর সংখ্যা দুই হাজার ৪৮১।
এক লাখ ২২ হাজার ৭৯৩ জন রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় দিল্লি তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে, দেশটির এই রাজধানী অঞ্চলে মৃত্যু হয়েছে তিন হাজার ৬২৮ জনের।
দেশটির বড় বড় নগরগুলো ছাড়িয়ে ভাইরাসটির সংক্রমণ এখন ছোট ছোট শহর ও গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে এখনও মাসখানেক বাকি।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের প্রায় ১৩০ কোটি লোকসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আসছে মাসগুলোতে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, তাতে সামর্থ্যের প্রান্তে চলে যাওয়া দেশটির স্বাস্থ্য খাত আরও চাপে পড়বে।
