করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
শুক্রবার ভারত দুঃখজনক এই মাইলফলকটি পার হয়, এর পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ৩৪ হাজার ৮৮৪ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এতে শনিবার ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জনে দাঁড়িয়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বড় বড় নগরগুলো ছাড়িয়ে ভাইরাসটির সংক্রমণ এখন দেশটির ছোট ছোট শহর ও গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের প্রায় ১৩০ কোটি লোকসংখ্যার তুলনায় ১০ লাখ আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আসছে মাসগুলোতে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, তাতে সামর্থ্যের প্রান্তে চলে যাওয়া দেশটির স্বাস্থ্য খাত আরও চাপে পড়বে।
সম্প্রতি বড় শহরগুলো ছাপিয়ে মহামারী দেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে পেছনে ঠেলে বিশ্বে তৃতীয় স্থানে উঠে আসে ভারত, শুধু যুক্তরাষ্ট্র ও ব্রাজিল দেশটির ওপরে আছে।
গত সপ্তাহে দেশটির বেশ কয়েকটি রাজ্যের কর্তৃপক্ষ বিভিন্ন এলাকাকে সংক্রমণ কবলিত এলাকা হিসেবে চিহ্নিত করে নতুন করে লকডাউন আরোপ করে। এর মধ্যে বিহার রাজ্য ও বেঙ্গালুরু শহর উল্লেখযোগ্য। কিন্তু লকডাউন পুরোপুরি কার্যকর করে লোকজনকে ঘরে ভিতর ধরে রাখতে ওই অঞ্চলগুলোর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ ভারতে মোট মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ২৭৩।
