২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা পণ্য বয়কটের ডাকের মধ্যে বৈঠকে ভারত-চীনের কমান্ডাররা

লাদাখ সীমান্তে সংঘর্ষের পর ভারতে চীনা পণ্য বয়কটের ডাক জোরদার হওয়ার মধ্যেই উত্তেজনা প্রশমনে বৈঠক করেছেন দুই দেশের সামরিক কমান্ডাররা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jun 2020, 10:44 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

লাদাখে চীন-ভারত সীমান্তে গত সোমবার দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারত ২০ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে। এ ঘটনার জন্য দুই দেশ একে অপরকে দোষারোপও করেছে।

ঘটনাটিকে কেন্দ্র করে ভারতে বাড়ছে চীন বিদ্বেষ। ভারতের বড় বড় বাণিজ্য সংগঠন চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে এবং মহারাষ্ট্র চীনা কোম্পানিগুলোর পাঁচ হাজার কোটি রূপির প্রাথমিক তিনটি বিনিয়োগ প্রস্তাব সইয়ের কয়েকদিনের মাথায়ই তা আটকে রেখেছে।

দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) ফেডারেল এবং রাজ্য সরকারের কাছে চীনা পন্য বয়কটকে সমর্থন দেওয়া এবং চীনা কোম্পানিগুলোর সঙ্গে করা সরকারি চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে।

সিএআইটি’র ন্যাশনাল জেনারেল সেক্রেটারি পারভিন খান্ডেলওয়াল ভারতের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বলেছেন, “গোটা জাতি চরম ক্ষুব্ধ। চীনকে কেবল সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও পাল্টা জবাব দিয়ে ঘায়েল করার জন্য তারা ফুঁসছে।”

এর মধ্যেই সোমবার চীনের সঙ্গে ভারতের সামরিক কমান্ডারদের বৈঠক হওয়ার খবর জানিয়ে ভারতের এক সরকারি কর্মকর্তা বলেছেন, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চীনের অংশে মলদোয় এ বৈঠক হয়েছে।

আরেক ভারতীয় কর্মকর্তা জানান, কয়েক ঘণ্টার এ বৈঠকে ভারতীয় পক্ষ চীনকে তাদের সেনাদেরকে আগের অবস্থানে সরিয়ে নিতে বলেছে, এপ্রিলে যেখানে তারা ছিল।

এর আগে আরেক দফা আলোচনায় চীন তাদের দাবিকৃত ভূখন্ডে ভারতকে সব ধরনের নির্মাণকাজ বন্ধ করতে বলেছিল।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে।