করোনাভাইরাস: ভারতে একদিনে ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত
কোভিড-১৯ রোগীর সংখ্যায় বিশ্বের চতুর্থ স্থানে থাকা ভারতে একদিনে শনাক্ত আক্রান্তের সংখ্যায় রেকর্ড উল্লম্ফন ঘটেছে।
শনিবার দেশটিতে আরও ১৪ হাজার ৫১৬ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এতে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৫ হাজার ৪৭ জনে, মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৪৮ জনের।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া ভারতের উপরে আছে।
মহারাষ্ট্র, তামিলনাডু, দিল্লি ও গুজরাট- ভারতের এই চার রাজ্যই আক্রান্তের সংখ্যা আড়াই লাখেরও বেশি। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮৯৩ জনের, রাজধানী দিল্লিতে দুই হাজার ৩৫ জনের।
পরিস্থিতির অবনতি হতে থাকায় শুক্রবার দিল্লির সরকার সরকারি হাসপাতালগুলিকে সব ছুটি বাতিল করে কর্মীদের অবিলম্বে কাজে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। শুধু বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে ছুটি মঞ্জুর করতে বলেছে।
অনেক দেশ ভারত থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ভারতে চিকিৎসা সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়তে পারে বলে দেশটিতে থাকা নিজ নাগরিকদের সতর্ক করেছে আয়ারল্যান্ড। আগামী কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক কয়েকটি ফ্লাইটে নাগরিকদের ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে দেশটি।
এর আগে মার্চ থেকে জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইউক্রেইন, ইসরায়েল, চীন ও মালয়েশিয়া তাদের নাগরিকদের সরিয়ে নিতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল।
