২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে ‘৮ জঙ্গি নিহত’

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার মাঝেই কাশ্মীরে ভারতীয় বাহিনীর দুটি অভিযানে ৮ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 02:14 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

বৃহস্পতিবার সকাল থেকে পুলওয়ামা ও শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এ অভিযানগুলো শুরু হয় বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়।

শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া অভিযানে পুলওয়ামায় ৩ ও শোপিয়ানে ৫ জঙ্গিকে ‘নিস্ত্রিয় করা হয়েছে’ বলে জানান।

পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার পুলওয়ামার পাম্পোরে এলাকার মিজে এলাকার চারপাশ ঘিরে অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে জঙ্গিরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি বাধে। গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়।

জঙ্গি গোষ্ঠীর আরও দুই সদস্য কাছাকাছি একটি মসজিদের ভেতর আশ্রয় নিয়েছে জানতে পেরে সারা রাত মসজিদটি ঘিরে রাখা হয়। শুক্রবার সকালে জঙ্গিদের বের করতে ছোড়া হয় কাঁদুনে গ্যাস। এরপর গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার জানান, মসজিদের পবিত্রতা রক্ষার স্বার্থে সেখানে গুলি কিংবা বোমা ছোড়া হয়নি। কেবল ভেতর থেকে সন্ত্রাসীদের বের করতে কাঁদুনে গ্যাসের শেল ব্যবহার করা হয়েছে।

“ধৈর্য ও পেশাদারিত্ব কাজে দিয়েছে। গুলি কিংবা বিস্ফোরক ব্যবহার করা হয়নি। কেবল কাঁদুনে গ্যাসের শেল ছোড়া হয়। মসজিদের পবিত্রতা অক্ষুণ্ন ছিল। মসজিদের ভেতর লুকিয়ে থাকা দুই জঙ্গিকেই নিস্ক্রিয় করা হয়েছে,” বলেছেন তিনি।

বৃহস্পতিবার থেকে শোপিয়ানের মুনান্দ-বান্দপাভা এলাকায় শুরু হওয়া অপর অভিযানে শুক্রবার সকাল পর্যন্ত ৫ জঙ্গি নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়, কিংবা তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা জানা যায়নি।