২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ‘২ কর্মী নিখোঁজ’

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের দুই কর্মী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 03:09 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

সোমবার সকালে ওই দুই কর্মী দাপ্তরিক কাজে বাইরে যাওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

যে গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন কয়েক ঘণ্টা পরও তারা সেখানে না পৌঁছানোয় তাদের খোঁজ শুরু হয়, কিন্তু তাদের কোনো হদিস মেলেনি।

এ ঘটনায় উদ্বিগ্ন নয়াদিল্লি পাকিস্তানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। 

সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়দিল্লির পাকিস্তান হাই কমিশনের দুই কর্মীকে বহিষ্কার করে ভারত। তারপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছিল। 

পাকিস্তানের ওই দুই কর্মকর্তাকে বহিষ্কারের পর ইসলামাবাদ পাল্টা পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করছিলেন ভারতীয় কূটনীতিকরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আহলুয়ালিয়ার গাড়িকে মোটরসাইকেল করে অনুসরণ করার কয়েক সপ্তাহ পর কর্মী নিখোঁজের এ ঘটনা ঘটল।

মার্চে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ভারতীয় হাই কমিশন তাদের কর্মীদের ধারাবাহিকভাবে হয়রানি করার বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছিল।