করোনাভাইরাস: ভারতে মৃত্যু ৯ হাজার ছাড়াল
ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ১২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত ৩১১ জনের মৃত্যুও হয়েছে।
এদের সহ প্রাণঘাতী ভাইরাসটি দেশটির ৯ হাজার ১৯৫ জনের প্রাণ কেড়ে নিযেছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৯২৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়ায় দেশটিতে এখন শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা তিন লাখ ২০ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে । এর আগে ভারতে একদিনে এতো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি।
এ নিযে পর পর দুই দিন দেশটিতে শনাক্ত আক্রান্তের সংখ্যা ১১ হাজারেরও বেশি হল।
দেশটিতে মোট শনাক্ত রোগীর এক তৃতীয়াংশই মিলেছে মহারাষ্ট্রে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে রোববার সকাল পর্যন্ত এক লাখ চার হাজার ৫৬৮ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
তামিল নাডুতেও শনাক্ত আক্রান্ত ৪২ হাজার পেরিয়ে গেছে। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ছুঁইছুঁই করছে।
ভারতের মোট কোভিড-১৯ রোগীর দুই-তৃতীয়াংশই মহারাষ্ট্র, তামিল নাডু, দিল্লি, গুজরাট ও উত্তর প্রদেশে শনাক্ত হয়েছে। এই পাঁচটি রাজ্যের প্রধান শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
নতুন করোনাভাইরাসে ভারতের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে মহারাষ্ট্রে। তিন হাজার ৮৩০ জনের।
ভাইরাস গুজরাটে এক হাজার ৪৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। দিল্লিতে এক হাজার ২৭১ জনের।
শতকোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতে লকডাউন শিথিল হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই শনাক্ত আক্রান্ত আগের দিনের রেকর্ড ছাড়িয়েছে।
