কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ‘২ জঙ্গি নিহত’
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাত দুই জঙ্গি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাশ্মীরের কুলগাম জেলার নিপোরা এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
“নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই জঙ্গিকে নিস্ক্রিয় করা হয়েছে। অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে,” শনিবার সকালে টুইটারে এমনটাই জানিয়েছিল কাশ্মীর পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাত থেকে শুরু হওয়া এ অভিযানে পুলিশের পাশাপাাশি সেনাবাহিনী ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যরাও অংশ নেন।
চলতি বছর কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ৩৬টি অভিযানে অন্তত ৮৮ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং।
সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনী শোপিয়ান, কুলগাম ও পুলওয়ামায় একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে।
গত সপ্তাহেও শোপিয়ানের পিনজোরা এলাকায় তাদের গুলিতে চার সন্ত্রাসী নিহত হয়েছিল।
