কাশ্মীরে গোলাগুলিতে ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।
সোমবার স্থানীয় সময় সকালে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার পিনজোরা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিক হিন্দু।
একজন পুলিশ কর্মকর্তা জানান, পিনজোরা এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী চারদিক ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে।
এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়, এতে চার বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।
কাশ্মীরি তরুণদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোতে যোগ দেওয়া থেকে বিরত রাখতে নতুন কৌশল নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, ওই কৌশলের অংশ হিসেবে নিহত বিচ্ছিন্নতাবাদীদের পরিচয় বা কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে তারা যুক্ত ছিল তা প্রকাশ করেনি পুলিশ।
গত ২৪ ঘণ্টায় শোপিয়ানে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা বলে জানিয়েছে হিন্দু।
রোববার জেলার রেবান এলাকায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে হিজবুল মুজাহিদিনের স্বঘোষিত এক কমান্ডারসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছিল।
