২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে বিপুল পরিমাণ মাদক জব্দ

মিয়ানমারের পুলিশ দেশটির উত্তর-পূর্ব রাজ্য শান থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2020, 05:13 PM

Updated : 08 Apr 2022, 12:48 AM

জব্দ মাদকের মধ্যে ২০ কোটিরও বেশি মেথামফেটামাইন ট্যাবলেট, ৫০০ কেজি ক্রিস্টাল মেথামফেটামাইন ও ৩০০ কেজি হেরোইন আছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বলা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে জব্দ হওয়া মাদকের মধ্যে শানে পুলিশের অভিযানে উদ্ধার মাদকের পরিমাণই সবচেয়ে বেশি।

এসব মাদক জব্দে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একাধিক অভিযানে পুলিশ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে।

“মিয়ানমার ও পার্শ্ববর্তী দেশগুলোতে বিপুল পরিমাণ এ মাদক বিক্রির লক্ষ্য ছিল বলে আটককৃতরা পুলিশকে জানিয়েছে,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন মিয়ানমারের মাদকবিরোধী সংস্থার কর্মকর্তা কর্নেল জ লিন।

তিন মাসের অভিযানে পুলিশ তিন হাজার ৭০০ লিটারের বেশি মেথিলফেন্টালিনও জব্দ করেছে বলে জানিয়েছে বিবিসি।

ব্যথানাশক ফেন্টালিন তৈরিতে এ মেথিলফেন্টালিন ব্যবহৃত হয়।

নেশাজাতীয় দ্রব্য হিসেবে ফেন্টালিনের কদর আছে। এটি হেরোইনের চেয়ে ৫০ গুণ শক্তিশালী, মরফিনের তুলনায় শতগুণ ক্ষমতাধর। 

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি জেরেমি ডগলাস বলেছেন, উদ্ধার মাদক সিন্থেটিক ওপিওড উৎপাদনের নতুন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে।

আফগানিস্তানের পর মিয়ানমারেই সবচেয়ে বেশি আফিম উৎপাদিত হয়। পাহাড়ি অঞ্চল ও সীমান্তে নড়বড়ে পাহারার কারণে দেশটি মাদক চোরাকারবারিদের কাছে বেশ পছন্দের।

কেবল ২০১৮ ও ২০১৯ সালেই মিয়ানমারের পুলিশ দেশটিতে মাদক বানানোর ১৪টি চোরাগোপ্তা ল্যাবরেটরির সন্ধান পায়।

মঠে ৪০ লাখ মেথামফেটামাইন ট্যাবলেট লুকিয়ে রাখার ঘটনায় পুলিশ ২০১৭ সালে দেশটির এক বৌদ্ধ সন্ন্যাসীকেও গ্রেপ্তার করেছিল।