ঔপন্যাসিক দেবেশ রায়ের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত ঔপন্যাসিক দেবেশ রায় আর নেই।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটের দিকে বাগুইআটির একটি নার্সিং হোমে ৮৪ বছর বয়সী এ সাহিত্যিকের মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে অসুস্থ দেবেশ বুধবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার অবস্থার অবনতি হয় বলে জানিয়েছে আনন্দবাজার।
শ্বাসকষ্ট থাকায় দেবেশের নমুনা সংগ্রহ করা হলেও তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বাম ঘরানার এ ঔপন্যাসিকের জন্ম ১৯৩৬ সালের ডিসেম্বরে, বাংলাদেশের পাবনার বাগমারা গ্রামে। ১৯৪৩ সালে তার পরিবার পশ্চিমবঙ্গে চলে যায়। বেড়ে ওঠার সময় পরিচয় হয়েছিল মার্কসবাদী দর্শনের, তাই একসময় তাকে কলকাতার শ্রমিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নেয়।
সাহিত্যে যাত্রা শুরু করেছিলেন ‘যযাতি’ উপন্যাস দিয়ে। ‘উদ্বাস্তু’, ‘নিরস্ত্রীকরণ কেন’, ‘কলকাতা ও গোপাল’, ‘সময় অসময়ের বৃত্তান্ত’, ‘শরীরের সর্বস্বতা’, ‘বরিশালের যোগেন মণ্ডল’, ‘তিস্তাপুরান’ ও ‘তিস্তাপারের বৃত্তান্ত’-র মতো গল্প আর উপন্যাস তাকে এনে দেয় তুমুল খ্যাতি।
তিস্তাপারের বৃত্তান্ত উপন্যাসের জন্য তিনি ১৯৯০ সালে সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
