২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে তিনবছর মেয়াদে তরুণদের সেনাবাহিনীতে নেওয়ার ভাবনা

ভারতে উদ্যমী তরুণসহ সাধারণ নাগরিকদের সেনাবাহিনীতে কাজ করার সুযোগ দিতে যুগান্তকরী একটি প্রস্তাব বিবেচনা করে দেখছে সামরিক বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 07:23 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে তিন বছরের জন্য মাঠে কাজ করা ছাড়াও লজিস্টিক-সহ অন্যান্য বিভাগেও কাজ করতে পারবেন তারা। যুব সম্প্রদায় যাতে সরাসরি ভারতীয় সেনাবাহিনীতে কাজের অভিজ্ঞতা লাভ করতে পারে মূলত উদ্দেশ্য সেটিই।  

তবে যুব সম্প্রদায় ছাড়াও আধাসামরিক বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্যও দ্বার খোলার পরিকল্পনা রয়েছে। সাত বছর সময়ের জন্য তাদেরকে সেনাবাহিনীতে সামিল করার কথা ভাবা হচ্ছে। মেয়াদ শেষের পর তারা আবার তাদের আগের কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছে এনডিটিভি।

গোটা পরিকল্পনাটিই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররা এ সংক্রান্ত প্রস্তাব আলোচনা-পর্যালোচনার মধ্য দিয়ে খতিয়ে দেখে তারপরই সিদ্ধান্ত নেবেন। প্রস্তাবটি গৃহীত হলে ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে তা হবে যুগান্তকরী পদক্ষেপ।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমন আনন্দ বলেন, ‘‘এ প্রস্তাব গৃহীত হলে তা একটি স্বেচ্ছাসেবী ব্যবস্থাপনা হিসাবেই থাকবে। নিয়োগের মাপকাঠিও শিথিল করা হবে না। প্রাথমিকভাবে কর্মকর্তার পদে ১শ’ জন এবং অন্যান্য বিভাগে ১ হাজার জনকে নিয়োগ করা হবে।’’

প্রস্তাবের খুঁটিনাটি নিয়ে কাজ চলছে বলে সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে বয়স ও শারিরীক সক্ষমতা ‘ট্যুর অব ডিউটি’ বা ‘তিন বছর মেয়াদী কাজের’ মূল মানদণ্ড হবে, বলেছেন তারা।

এ উদ্যেগের ফলে দেশপ্রেম জাগ্রত হবে, নাগরিক সমাজ আরো বেশি সুশিক্ষিত এবং শৃঙ্খলাপরায়ণ মানুষ পাবে। তাছাড়া, যারা পেশা হিসাবে সেনাবাহিনীর চাকরি বেছে নিতে চান না, কিন্তু স্বল্প মেয়াদে সেনাজীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চান তাদের স্বপ্ন পূরণ হবে।

ভারতীয় সেনাবাহিনী সাধারণত তাদের ‘শর্ট সার্ভিস কমিশনে’ তরুণদের ১০ বছরের জন্য নিয়োগ দেয়; পরে তা ১৪ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকে। সেনাবাহিনী এখন নতুন প্রস্তাবে নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ ব্যয়ের সঙ্গে তাদের স্বল্প মেয়াদে চাকরি সঙ্গতিপূর্ণ হয় কিনা তা খুঁটিয়ে দেখছে।

প্রাথমিক পর্যালোচনায় তিন বছরের জন্য নিয়োগে সেনাবাহিনীর বিপুল অর্থ সাশ্রয় হবে বলেও ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনী বলছে, এখনকার নিয়মে নিয়োগের আগে প্রশিক্ষণ, বেতন, পেনশন, গ্রাচুইটি ও অন্যান্য ব্যয় মিলিয়ে ১০ থেকে ১৪ বছর কাজ করা একজন কর্মকর্তার পেছনে  সোয়া ৫ কোটি থেকে পৌনে ৭ কোটি রুপি পর্যন্ত খরচ হয়।

‘শর্ট সার্ভিস কমিশনড’ কর্মকর্তাদের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ স্থায়ীভাবে কমিশনপ্রাপ্ত হন; তারা ৫৪ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাওয়ায় খরচ আরও বাড়ে।

অন্যদিকে, তিন বছর মেয়াদে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের পেছনে গড়ে খরচ হবে মাত্র ৮০ থেকে ৮৫ লাখ রুপি। এভাবে কেবল এক হাজার সেনা নিয়োগ দিলেই সেনাবাহিনীর ১১ হাজার কোটি রুপি বেঁচে যাবে।

তাছাড়া, সেনাবাহিনীতে স্বল্প মেয়াদে কাজের অভিজ্ঞতা তরুণদের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ও সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও সুবিধাজনক হবে।