২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনের কেক, গান, ত্যাগ: যেভাবে হৃদয় জিতছে ভারতের পুলিশ

নতুন করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ভারতজুড়ে লকডাউনের মধ্যে একের পর এক মানবিক আচরণের জন্য প্রায় প্রতিদিনই পত্রিকার খবর হচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 06:29 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

পুরনো খবর:

করোনাভাইরাস সঙ্কটে মন ছুঁয়ে যাওয়া তিন কাহিনী

লকডাউনে আটকে পড়া বাসিন্দাদের নানা আবদার মেটানোর পাশাপাশি তাদের ত্যাগের নানা কাহিনীও এখন বিভিন্ন এলাকার মানুষের মুখে মুখে।

জনসমাগম নিরুৎসাহিত করা কিংবা দরিদ্রদের কাছে খাবার পৌঁছে দেওয়াই নয়, সাধারণ মানুষকে প্রেরণা কিংবা আনন্দ দিতে পুলিশ সদস্যরা এখন বিভিন্ন এলাকায় লাউডস্পিকারে বলিউডের গানও গাইছেন বলে বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সারাদিনের নানা পরিশ্রম আর ক্লান্তির মধ্যেও তারা যেন ভারতবাসীর হৃদয় জয় করতে ছুটে চলেছেন।

এদেরই একজন মুনিশ প্রতাপ সিং। একদিন রাত ১০টার দিকে, ডিউটি শেষ হবে হবে, এমন সময়ে দিল্লির কাছের শহর নয়ডার পুলিশের এ পরিদর্শকের কাছে এক অসহায় বাবার ফোন থেকে আসে এক অদ্ভূত আবদার।

Image
ঝুঁকিপূর্ণ বহু জায়গায় একাধিক দায়িত্ব পালন করছে পুলিশ। ছবি: বিবিসি

ঝুঁকিপূর্ণ বহু জায়গায় একাধিক দায়িত্ব পালন করছে পুলিশ। ছবি: বিবিসি

“আপনি কি আমার ছেলের জন্য জন্মদিনের কেক নিয়ে আসতে পারবেন? আজ তার জন্মদিন। তার খুব দুঃখ,” ফোনের ওপাশ থেকে ঝরে আকুতি।

সাধারণত মুনিশকে এ ধরনের অনুরোধের মুখোমুখি হতে হয় না, কিন্তু এখন সময়টা মোটেও সাধারণ নয়। অত রাতে সব দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। পরিচিত এক কেকওয়ালা আছে। তাকে ফোন দিয়ে মেলে স্বস্তি। পাওয়া গেছে, জন্মদিনের কেক পাওয়া গেছে।

“ওই ছেলের মুখে যে খুশি দেখেছি তার কাছে বাকি সবকিছু তুচ্ছ। আমার দল এবং আমি সত্যিই ভুলে গিয়েছিলাম, সেসময় কতটা ক্লান্ত ছিলাম আমরা,” বলেন মুনিশ।

নয়ডার এ পুলিশ পরিদর্শক একা নন, তার অসংখ্য সহকর্মী এ দুর্যোগকালে একের পর এক মানবিকতার উদাহরণ সৃষ্টি করে চলেছেন। পুলিশের অনেক কর্মকর্তাই এখন শিশু এবং বৃদ্ধদের জন্য কেক নিয়ে হাজির হচ্ছেন, গৃহহীনদের খাবার দিচ্ছেন, পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধ।

Image
জনসচেতনতায় পুলিশ। ছবি: বিবিসি

জনসচেতনতায় পুলিশ। ছবি: বিবিসি

মানুষকে অনুপ্রাণিত করতে বিভিন্ন এলাকায় তাদের গান গাওয়ার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক দফা ভাইরাল হয়েছে। পুলিশের এমন মানবীয় আচরণ জনসাধারণের কাছে তুমুল প্রশংসা পাচ্ছে। কোথাও কোথাও তাদের উপর ফুলের পাপড়ি ছিটানোরও খবর পাওয়া যাচ্ছে।

অথচ কয়েক মাস আগেও এ চিত্র যেন কল্পনাই করা যেত না। ভারতীয় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ, দমনপীড়ন, দুর্নীতি আর মানবাধিকার লংঘনের অভিযোগ মিলত হরহামেশা। আর এখন মহামারীর এ সময়ে হৃদয় জয়ের একের পর এক আখ্যান সৃষ্টি করছে তারা।

বিবিসি বলছে, দুর্যোগে ভারতীয় পুলিশের মহানুভবতার কথা বলতে গেলে উঠে আসবে কেবল অর্ধেক চিত্র; বাকি অর্ধেকে আছে সংকল্প, কর্তব্য আর ত্যাগের লুকানো সব গল্প, সেসব কিছু মিলিয়ে দেশটিতে পুলিশ হয়ে উঠেছে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ‘সামনের সারির যোদ্ধা’।

এ মুহুর্তে একসঙ্গে অনেকগুলো দায়িত্ব সামলাতে হচ্ছে তাদের। লকডাউন কার্যকর, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা, মানুষের চলাচল নিয়ন্ত্রণ, হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং সংক্রমণপ্রবণ অঞ্চলগুলোর মতো তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা বিধান এবং অবশ্যই মানুষের মধ্যে থাকা করোনাভাইরাস নিয়ে ভয় ও আতঙ্ক দূর করা।

অথচ এসব বিষয়ে পুলিশ সদস্যদেরকে আগে কখনোই প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে জানান ভারতের উত্তরপ্রদেশের সাবেক পুলিশপ্রধান বিক্রম সিং।

Image
পুলিশকে কাজ করতে হচ্ছে অসহনীয় গরমেও। ছবি: বিবিসি

পুলিশকে কাজ করতে হচ্ছে অসহনীয় গরমেও। ছবি: বিবিসি

“তাদেরকে আইনশৃঙ্খলা বজায় রাখার প্রশিক্ষণ দেওয়া হয়েছে; কিন্তু কখনোই মহামারী ব্যবস্থাপনা এবং চিকিৎসা সুরক্ষা সংক্রান্ত প্রোটোকল বোঝার প্রশিক্ষণ দেওয়া হয়নি। এসব বিবেচনায় তারা যা করছে তা অসাধারণ,” বলেছেন তিনি।

কেবল পরিস্থিতি মোকাবেলাই নয়, ভারতীয় পুলিশকে কাজ করতে হচ্ছে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকি নিয়েই। বাহিনীর নিচের স্তরের কর্মী, যারা মাঠপর্যায়ে কাজ করেন, প্রতিদিন অসংখ্য মানুষের সংস্পর্শে আসায় তাদের ক্ষেত্রে এ ঝুঁকি অন্যদের চেয়ে অনেক অনেক বেশি, বলছেন পর্যবেক্ষকরা।

এর মধ্যে কেবল মহারাষ্ট্রেই এক হাজারের বেশি পুলিশ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪ জন। দিল্লিতে কোভিড-১৯ আক্রান্ত পুলিশের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে; মারা গেছেন ৩১ বছর বয়সী এক কনস্টেবল, যার ছেলের দেহেও করোনাভাইরাস ধরা পড়েছে।

Image
পুলিশ কাজ করছে সংক্রমণের ঝুঁকি নিয়ে। ছবি: বিবিসি

পুলিশ কাজ করছে সংক্রমণের ঝুঁকি নিয়ে। ছবি: বিবিসি

মহারাষ্ট্র কিংবা দিল্লি নয়, এ চিত্র এখন ভারতের সর্বত্র।“সংক্রমিত হওয়ার ভয় তো আছেই, কখনো কখনো সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে গিয়েও ঝামেলায় পড়তে হয়। সংক্রমিত এলাকায় থাকতে থাকতে মানুষজন বিরক্ত হয়ে পড়ে, কখনো কখনো পুলিশের সঙ্গে তর্কেও জড়ায়। কিন্তু আমাদের শান্ত থাকতে হয়।

“আমাদের দলের লোকজনেরও ভয় আছে, কিন্তু কেউই দায়িত্বপালন না করার কথা ভাবছে না। এ এমন এক লড়াই, যেখানে আমরা পৃষ্ঠপ্রদর্শন করতে পারি না। কিন্তু যদি বলি আমরা ভয় পাচ্ছি না, তবে মিথ্যা বলা হবে,” বলেছেন নয়ডার পুলিশ পরিদর্শক মুনিশ।

শুধু তাই নয়, আক্রান্ত হয়ে ভাইরাসটির ‘উপসর্গবিহীন বাহক’ হতে পারেন, এমন শঙ্কায় পুলিশের অনেক সদস্যই পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে দূরে থাকছেন। কনস্টেবল ভিক্রান্ত রানা ও পঙ্কজ চৌধুরী দুই মাস পরিবারের সদস্যদের মুখ দেখেননি; মোবাইল ফোনে প্রিয়জনদের ছবি দেখাতে গিয়ে দুজনই চোখের পানি আটকে রাখার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছিলেন।

“আমি জানি পুলিশের সদস্যদেরকে শক্ত হতে হয়। কিন্তু আমরাও মানুষ, এবং আমাদেরও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ইচ্ছে হয়। প্রার্থনা করি, যেন এ যুদ্ধে আমরা দ্রুত বিজয়ী হই,” বলেন কনস্টেবল রানা।

Image
মানুষের প্রশংসা বাড়াচ্ছে উৎসাহ, বলছেন পুলিশকর্মীরা। ছবি: বিবিসি

মানুষের প্রশংসা বাড়াচ্ছে উৎসাহ, বলছেন পুলিশকর্মীরা। ছবি: বিবিসি

নয়ডার অন্য এক চেক পয়েন্টে দেখা মেলে কনস্টেবল ধ্রুব তোমারের; ফেব্রুয়ারির পর থেকে যিনি তার এক বছর বয়সী দুই যমজ সন্তানতে দেখতে পাননি।

“তাদের কথাই সারাক্ষণ ভাবি। কিন্তু সহসা তাদের সঙ্গে দেখা হবে না। প্রতিদিন শত শত গাড়ি, মোটরসাইকেল থামাই, চেক করি। আমরা জানি না, কে ভাইরাসটি বহন করছেন। স্বাস্থ্যকর্মীরা তো তাও জানেন কীসের বিরুদ্ধে লড়ছেন, আর আমরা লড়ছি অজানার বিরুদ্ধে,” বলেন তিনি।

কর্মকর্তারা বলছেন, সতর্কতার অংশ হিসেবে পুলিশ সদস্যদের মাস্ক ও গ্লাভস দেয়া হলেও রাস্তায় টানা ৮ ঘণ্টার ডিউটি আর দুর্বিষহ গরমের কারণে অনেকেই সেগুলো খুলে ফেলতে বাধ্য হন। এ কারণে পুলিশের শিফটের সময়সীমা কমিয়ে আনা উচিত বলে মন্তব্য করেছেন কর্ণাটকের সাবেক পুলিশ মহাপরিদর্শক গসপাল হসুর।

মহামারী পুলিশ সদস্যদের মনোজগতে যে প্রভাব ফেলবে তা অগ্রাহ্য করা ঠিক হবে না মন্তব্য করে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিচের স্তরের কর্মীদের দিকে বেশি খেয়াল রাখারও পরামর্শ দেন তিনি। “একভাবে হতে পারে যে, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘনঘন মাঠ পর্যায়ের কর্মীদের দেখতে যাবেন এবং মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তারা যে একা নন, এ বার্তা দেবেন,” বলেন হসুর।

Image
রাতে পুলিশের পাহারা। ছবি: বিবিসি

রাতে পুলিশের পাহারা। ছবি: বিবিসি

সংকটের এ সময়ে পুলিশের কর্মকাণ্ড জনগণের মধ্যে তাদের প্রতি আস্থা ফেরাতে ভূমিকা রাখবে বলেও অনেকে আশা প্রকাশ করেছেন। বিশ্বের অনেক দেশের তুলনায় ভারতে লকডাউন কঠোর হওয়ায় বিধিনিষেধ কার্যকরে পুলিশকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে।

অনেক জায়গায় এ ক্ষমতার অপব্যবহারের চিত্রও দেখা গেছে। পাওয়া গেছে মানুষজনকে মারধর করা, ছোট ছোট দোকানদার ও হকারদের হয়রানি করাসহ নানান অভিযোগও। তবে মুনিশ এসব ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ হিসেবেই দেখছেন।

“বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এখন আমাদের বিশ্বাস করতে শুরু করেছে; অনেক জায়গায় পুলিশ সদস্যদের প্রশংসাও করছে,” বলেছেন তিনি।

এক্ষেত্রে ‘রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত’ পরিবেশেরও কৃতিত্ব দিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা হসুর।“ধারাবাহিক রাজনৈতিক চাপের কারণে পুলিশকে প্রায়ই সুতোর উপর দিয়ে হাঁটতে হয়। কিন্তু এবার লক্ষ্য স্পষ্ট, কোনো হস্তক্ষেপও নেই,” মন্তব্য তার।

Image
বহু পুলিশ সংক্রমিত হয়েছেন। ছবি: বিবিসি

বহু পুলিশ সংক্রমিত হয়েছেন। ছবি: বিবিসি

মহামারী পরবর্তী সময়েও পুলিশের প্রতি জনগণের এমন আস্থা থাকবে কিনা তা নিয়ে ‘সতর্ক আশাবাদ’ প্রকাশ করেছেন কেরালার সাবেক পুলিশপ্রধান জ্যাকব পুনোসে।

“এখন পুলিশ সদস্যদের শরীরের ভাষা দেখেন, বেশিরভাগই নম্র তারা। জনগণও পাল্টা একই রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে। পরে পরিস্থিতি এমন থাকবে কিনা, দেখা যাক,” বলেছেন তিনি।

পুলিশ-জনগণের এ পারস্পরিক আস্থা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নির্ভর করবে বলেও মত তার। “মহামারী থেকে শিক্ষা নিয়ে তাদেরকে ভবিষ্যতের পুলিশ বাহিনী প্রস্তুত করতে হবে,” বলেছেন জ্যাকব।

তা নাহলে বৈশ্বিক দুর্যোগের এ সময়ে ভারতীয় পুলিশের সব ত্যাগ বৃথা হয়ে যাবে বলে মনে করেন নয়ডার পরিদর্শক মুনিশ।“এই সব পরিশ্রম আর ত্যাগের কোনো অর্থ থাকবে না। আমরা কষ্ট করে এই আস্থা অর্জন করেছি, এটি সহজে হাতছাড়া করা ঠিক হবে না,” বলেছেন তিনি।