২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ২৬০ বিলিয়ন ডলার প্রণোদনা তহবিলের ঘোষণা মোদীর

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের কারণে ভারতের অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় ২৬০০০ কোটি ডলারেরও বেশি অর্থের একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 04:03 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় সংক্রমণ নিয়ন্ত্রণে সফল বলা গেলেও নতুন করোনাভাইরাসের অভিঘাতে ভারতের অর্থনীতির দশা বেহাল।

ভাষণে মোদী তার এ প্রণোদনা প্যাকেজ নিয়ে বিস্তারিত না বললেও এ সহায়তা কৃষক, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত সব শ্রেণিপেশার জন্যই কাজে আসবে বলে মন্তব্য করেছেন।

তিনি ভারতীয়দের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে এবং মহাত্মা গান্ধীর ‘ব্রিটিশ কাপড় বয়কট করে ভারতীয় কাপড় কেনা’র প্রচারণার কথা মনে করারও আহ্বান জানান।

“নিজেদের বিষয়ে সোচ্চার হন। আত্মনির্ভরশীল ভারত গড়ার ক্ষেত্রে কে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে?,” বলেছেন তিনি।

স্থানীয়ভাবে ভারত অসংখ্য পণ্য উৎপাদন করতে পারে বলেও মন্তব্য করেন মোদী। এক্ষেত্রে করোনাভাইরাস মোকাবেলায় সাম্প্রতিক লড়াইয়ের উদাহরণ টানেন তিনি। বলেন, করোনাভাইরাস মহামারীর আগে ভারতের কাছে পিপিই কিট ও সুরক্ষা মাস্ক প্রায় ছিলই না; আর এখন প্রতিদিনই হাজার হাজার সংখ্যায় সেগুলো বানানো হচ্ছে।

নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রণোদনার ঘোষণা দিতে মোদীর উপর বিরোধী দলের নেতাকর্মী ও অর্থনীতিবিদদের বড় ধরনের চাপ ছিল।

কঠোর লকডাউন এবং বিশ্বজুড়ে মহামারীর অভিঘাত ভারতের অর্থনীতিকে ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। কোটি কোটি দরিদ্র মানুষ জীবিকা হারিয়েছে ।

পরিবারের সদস্যদের সাহায্যের উপর ভর করে টিকে থাকার আশায় কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের বড় অংশই শহর থেকে গ্রামের বাড়িতে ফিরতে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার ঘোষিত এ প্রণোদনা তহবিলে পরিযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে মোদী জানিয়েছেন। কয়েকদিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় পরিকল্পনার বিস্তারিত জানাবে, বলেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রীর প্রণোদনা তহবিলে ঘোষিত অর্থের পরিমাণ ভারতের জিডিপির প্রায় ১০ শতাংশ, বলছে নিউ ইয়র্ক টাইমস।

ভারতীয় অর্থনীতিবিদরা বলছেন, মোদীর ঘোষিত প্রণোদনা প্যাকেজের আকার তাদের ধারণার চেয়ে বড়। এ তহবিলের ঘোষণা আরও আগে আসা উচিত ছিল বলেও মন্তব্য করেছেন তারা।

“ভারতের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব বেশ মারাত্মকই হতে যাচ্ছে, এই ঘোষণা আরও আগেই দেওয়া উচিত ছিল,” বলেছেন ভারত সরকারের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রাম্মনিয়ান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছর ভারতের অর্থনীতির ন্যূনতম প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও তিন দশক ধরে ধীরে ধীরে বড় হতে থাকা এই অর্থনীতি এবার সংকুচিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুব্রাম্মনিয়ানের মতো অনেক অর্থনীতিবিদ।

বুধবার সকাল পর্যন্ত ভারতে ৭৪ হাজার ৪৮০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। নতুন করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা দুই হাজার ৪০০ ছাড়িয়ে গেছে।

১৩০ কোটি জনসংখ্যার একটি দেশের ক্ষেত্রে এ হারকে তুলনামূলক সন্তোষজনক হিসেবেই দেখা হচ্ছে। ভারতের তুলনায় অর্থনৈতিকভাবে সম্পদশালী অনেকে দেশে জনসংখ্যার তুলনায় আক্রান্ত-মৃত্যুর হার অনেক বেশি।

প্রাণঘাতী এ নতুন করোনাভাইরাস শনাক্তে দেশটিতে পরীক্ষার পরিমাণ কম হওয়ায় আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে বলে মনে করা হয়। কিন্তু অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ভারত এখন পর্যন্ত ভালো করেছে বলে মন্তব্য করেছেন।