২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, বাড়ছে সুস্থতার হারও

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ হাজার ২১৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 05:37 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

এ নিয়ে দেশটিতে মোট ৬৭ হাজার ১৫২ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল।

কোভিড-১৯ ভারতে একদিনের ব্যবধানে আরও ৯৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

সবমিলিয়ে দেশটিতে নতুন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২২১৫ জনে দাঁড়িয়েছে বলে জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে।

আক্রান্ত-মৃত্যুর সংখ্যায় উল্লম্ফন দেখার পাশাপাশি দেশটিতে সেরে ওঠা রোগীর সংখ্যাও বাড়ছে বলে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার সকাল পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ সুস্থতার হার ৩১ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে। আগের সপ্তাহে এ হার ছিল ২৬ দশমিক ৫৯ শতাংশ।

সুস্থতার হারের ইতিবাচক এ প্রবণতা দেশটিতে লকডাউন আরও শিথিলের পথ প্রশস্ত করবে বলে ধারণা বিশ্লেষকদের।

সংক্রমণ প্রতিরোধে ভারত সরকার মার্চের শেষ দিকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিল। এরপর কয়েক দফায় লকডাউনের মেয়াদ বাড়লেও এপ্রিলের শেষ থেকে মানুষের চলাফেরা, যাতায়াত ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক বেশকিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

চলতি দফার লকডাউন ১৭ মে শেষ হওয়ার কথা রয়েছে। অবশ্য তার আগেই মঙ্গলবার থেকে দেশটির সরকার সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চালুর অনুমতি দিয়েছে।

দিল্লি থেকে দেশের ১৪টি রাজ্যের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের উদ্দেশ্যে অনুমতি পাওয়া এ ১৫টি ট্রেনের টিকেটের অনলাইনে বুকিংও শুরু হয়ে গেছে বলে এনডিটিভি জানিয়েছে।

শাটডাউন পরিস্থিতি পর্যালোচনায় সোমবার বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্চের শেষে দেশজুড়ে লকডাউন দেয়ার পর এ নিয়ে পঞ্চমবার প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসছেন।

বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ‘বন্দে ভারত মিশনের’ আওতায় বেশ কয়েকটি বাণিজ্যিক বিমান ও ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।

এরই মধ্যে কয়েক হাজার প্রবাসী ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কেরালায় ফেরা প্রবাসীদের মধ্যে আরও ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

রোববার বিকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৪ ঘণ্টায় নতুন কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েনি বলে জানিয়েছিলেন।

অবশ্য ওইদিনই মহারাষ্ট্রে নতুন আরও এক হাজার ২৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২২ হাজার পেরিয়ে গেল বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে রাজ্যটিতে মৃত্যুও ৮০০ ছাড়িয়েছে।

মহারাষ্ট্রের মধ্যে কেবল মুম্বাইয়ে আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ১৩ হাজার, মৃত্যু ৫০০ ছুঁইছুঁই।

সোমবার থেকে মেঘালয়েও দোকানপাট খোলার অনুমতি মিলেছে। রাজ্যটির রাজধানী শিলং ছাড়া অন্যত্র ব্যক্তিগত ও গণপরিবহনগুলো অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।

উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যটিতে শনিবার আরেকজনের শরীরে নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মেঘালয়ে মোট জ্ঞাত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ তে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, দুই জন চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কমিউনিটি পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আসামের কর্তৃপক্ষ রাজ্যটির ২৫ হাজার গ্রামের যেসব বাসিন্দাদের জ্বর, ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসতন্ত্রের সমস্যা আছে তাদের নমুনা সংগ্রহ করছে।