২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে ভারতে সাবেক বিচারপতির মৃত্যু

ভারতের লোকপাল সদস্য সাবেক বিচারপতি একে ত্রিপাঠি করোনাভাইরাস সংক্রমণে ৬২ বছর বয়সে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 12:11 AM

Updated : 08 Apr 2022, 12:43 AM

২ এপ্রিল তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউ অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছে এনডিটিভি।  

বিচারপতি ত্রিপাঠির কন্যা ও বাবুর্চিও অত্যন্ত সংক্রামক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তারা রোগ মুক্ত হয়েছেন।

ছত্তিশগড় রাজ্যের সাবেক প্রধান বিচারপতি ত্রিপাঠিকে এআইআইএমএসের ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

তিনি ভারতের দুর্নীতিবিরোধী লোকপালের চার জুডিসিয়াল সদস্যের একজন ছিলেন।

এআইআইএমএসের ট্রমা কেয়ার সেন্টার সড়ক দুর্ঘটনায় আহতদেরই বেশি চিকিৎসা দিত, সম্প্রতি একে কোভিড-১৯ হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

শনিবার ভারতে দুই হাজার ৪১১ জন নতুন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে, যা একদিনে নতুন আক্রান্তের নয়া রেকর্ড। এদের নিয়ে ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৩৭ হাজার ৭৭৬ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ ৭১ জনের মৃত্যু হয়েছে আর তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২২৩ জনে।