কংক্রিট মিক্সারে লুকিয়ে ১৮ পরিযায়ী শ্রমিক, যাচ্ছিল লক্ষ্ণৌ
ভারতজুড়ে লকডাউনের মধ্যে একটি কংক্রিট মিক্সারের মধ্যে লুকিয়ে বাড়ি ফেরার সময় ধরা পড়েছে ১৮ পরিযায়ী শ্রমিক।
শনিবার সকালে মধ্য প্রদেশের একটি মহাসড়কে ট্রাক থামিয়ে কংক্রিট মিক্সারের মধ্যে ওই পরিযায়ী শ্রমিকদের দেখতে পায় পুলিশ, জানিয়েছে এনডিটিভি।
এই শ্রমিকরা উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে নিজ নিজ বাড়িতে ফেরার চেষ্টায় মিক্সারের ভেতরে লুকিয়ে মধ্য প্রদেশ থেকে রওনা হয়েছিলেন।
মধ্য প্রদেশের ইন্দোর ও উজ্জয়িন জেলার মধ্যবর্তী সীমান্তে অবস্থান নিয়ে পুলিশ লকডাউনের মধ্যে লোকজন আইন ভেঙে চলাফেলা করছে কি না, ট্রাক থামিয়ে তা পরীক্ষা করছিল। কংক্রিট মিক্সারবাহী ট্রাকটি থামানোর পর চালকের বিচলিত আচরণ দেখে পুলিশ কংক্রিট মেশানোর বিশাল ড্রামটি, যেটিতে সিমেন্টের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে নির্মাণ কাজের কংক্রিট মিশ্রণ তৈরি করা হয়, পরীক্ষার উদ্যোগ নেয়।
এরপর ঢাকনা খুলে সেখানে ১৮ জন লোককে বসে থাকতে দেখে।
গণমাধ্যমে আসা এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার একপাশে পার্ক করে রাখা কংক্রিট মিক্সারের স্টিলের ড্রামটি থেকে একজন একজন করে শ্রমিক তাদের ব্যাগসহ বের হয়ে আসছেন, যে ফুটো দিয়ে তারা বের হয়ে আসছে তা দিয়ে একজন মানুষ কোনরকমে ভিতরে ঢুকতে বা বের হতে পারে।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ট্রাকটিকে থানায় নেওয়া হয়েছে বলে মধ্য প্রদেশ পুলিশ জানিয়েছে।
ওই শ্রমিকদের একটি কোয়ারেন্টিন কেন্দ্রে রেখে তাদের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা শেষে যারা আক্রান্ত হয়নি তাদের বাসযোগে লক্ষ্ণৌ পাঠানোর ব্যবস্থা করবে মধ্যে প্রদেশ সরকার।
২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন চলছে। মাত্র চার ঘণ্টার নোটিশে দেশজুড়ে লকডাউনের আদেশ জারি করায় লাখ লাখ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য আটকা পড়ে যান। কেন্দ্রীয় সরকার আটকে পড়া এসব শ্রমিকদের দেখভালের দায়িত্ব নেয়ার কথা বললেও বাস্তবতা বলছে ভিন্ন কথা।
লকডাউনের কারণে হঠাৎ করে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। চাকরি, টাকা, খাবার ও আশ্রয় হারা হয়ে পড়েছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। আন্তঃরাজ্য পরিবহন চলাচল বন্ধ থাকায় কোনো না কোনোভাবে শত শত কিলোমিটার, কখনো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়িতে ফেরা ছাড়া এসব লোকজনের আর কোনো উপায় নেই।
এতে ভারতজুড়ে এক মানবিক সঙ্কট দেখা দিয়েছে। হেঁটে শত শত কিলোমিটার পাড়ি দিতে গিয়ে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সাইকেলযোগে উত্তর প্রদেশের বাড়িতে ফেরার চেষ্টাকালে মধ্য প্রদেশের বারওয়ানি জেলায় শনিবার সকালেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ নিয়ে এই এক জেলায়ই গত ১০ দিনে এ ধরনের তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটলো বলে জানিয়েছে এনডিটিভি।
