২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ২৪ ঘণ্টায় ভাইরাসে মৃত্যু-আক্রান্তের রেকর্ড

ভারতে একদিনে রেকর্ডসংখ্যক মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং মারা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 07:03 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৭৫৫ জন এবং মারা গেছে ৭৭ জন। দু’টোই একদিনে সর্বোচ্চ।

এ নিয়ে শুক্রবার বিকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫ জন এবং মৃতের সংখ্যা ১১৫২ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ।

আনন্দবাজার পত্রিকা জানায়, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। এ তিন রাজ্যে সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।

মহারাষ্ট্রে ১০ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এ রাজ্যে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে ৯ মার্চ। এরপর কয়েক দিনের মধ্যেই আক্রান্তের সংখ্যায় সবার উপরে উঠে আসে রাজ্যটি। এখনও প্রায় সব সময়ই শীর্ষস্থানে রয়েছে এ রাজ্য।

এরপর সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থনে রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ৪,৩৯৫। মৃত্যু হয়েছে ২১৪ জনের। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে ৩ হাজার ৫১৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৯ জনের।

এরপর আছে মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। এ রাজ্যগুলোর প্রতিটিতে আক্রান্তের সংখ্যা ২ হাজারের ওপরে। তবে মৃতের সংখ্যা একেক রাজ্যে একেক রকম।

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৭৯৫ জন। আর মৃত্যু হয়েছে ৩৩ জনের।