২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিরক্তি’ কাটাতে বন্ধুদের সঙ্গে তাস খেলে আক্রান্ত ২৪

ভারতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া এক ট্রাক চালক সময় কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাস খেলায় মত্ত হওয়ার পর সেখান থেকে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 12:56 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে কৃষ্ণা জেলার কালেক্টর এ এমডি ইমতিয়াজ শনিবার জানিয়েছেন। 

একই শহরের আরেকটি এলাকায় অপর এক ট্রাক চালক এলাকার বিভিন্ন জনের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটানোর ঘটনায় আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই দুই ঘটনায় গত কয়েকদিনে বিজয়ওয়াড়া শহরে প্রায় ৪০ জন সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন ইমতিয়াজ। 

শহরের কৃষ্ণা লঙ্কা এলাকার ওই ট্রাক চালক বিরক্তি কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাস খেলতে বসেছিলেন, ওই সময় এলাকার নারীরা জড়ো হয়ে তাম্বোলা খেলেন।

এই সবকিছু মিলে এখান থেকে ২৪ জন লোক প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হন বলে জানান এ কর্মকর্তা।

ইমতিয়াজ বলেন, “করিমা নগরেও একই ঘটনা ঘটেছে। এক ট্রাক চালক আশপাশে ঘুরে আড্ডা দেওয়ার আরও প্রায় ১৫ জন আক্রান্ত হয়েছেন।” 

রেকর্ড করা এক ভিডিও বার্তায় তিনি জানান, এসব ঘটনায় করোনাভাইরাস ছড়ানোর একমাত্র কারণ শারীরিক দূরত্ব বজায় না রাখা।

অন্ধ্র প্রদেশের করোনাভাইরাস হটস্পটগুলোর মধ্যে বিজয়ওয়াড়া অন্যতম। এখানে এ পর্যন্ত শতাধিক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় শহরটিতে নতুন করে ২৫ জন আক্রান্ত হয়েছেন।

বিজয়ওয়াড়া শহর অন্ধ্র প্রদেশ রাজ্যের রাজধানী অমরাবতীর একটি অংশ।

সংক্রমণ এড়াতে লোকজনকে কঠোরভাবে শারীরিক দূরত্ব বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন কালেক্টর ইমতিয়াজ।

রোববার সকাল নাগাদ ভারতে নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৪৯৬ জন, মৃতের সংখ্যা ৮০৬ জন ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৯০৩ জন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এদের মধ্যে অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১০৬১ জন ও মৃতের সংখ্যা ৩১ জন।