২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভূমিকম্পের ৫ বছর পর পুনর্নির্মাণ বন্ধ লকডাউনে 

পাঁচ বছর আগে ভয়াবহ দুটি ভূমিকম্পে নেপালের বহু ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়ে গিয়েছিল, অত্যন্ত প্রয়োজনীয় এসব অবকাঠামোর পুনর্নির্মাণ যখন ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল তখন মাসব্যাপী করোনাভাইরাস লকডাউন সেই কাজকে পুরোপুরি থামিয়ে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 10:36 PM

Updated : 25 Jul 2022, 07:02 PM

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের ঠিক পাঁচ বছর পর বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা করোনাভাইরাসের কারণে নেপালে লকডাউনে ঘরবন্দি মানুষের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও বন্ধ হয়ে আছে। 

২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প হয়। মাত্র তিন সপ্তাহ পর ৭ দশমিক ৩ মাত্রার আরেকটি ভয়াবহ ভূমিকম্প দেশটিকে তছনছ করে দেয়। এতে বহু শতাব্দী প্রাচীন মন্দির ও অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়।

এ দুটি জোড়া আঘাতে প্রায় ৯ হাজার লোক নিহত ও ১০ লাখেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়। অর্থনৈতিক ক্ষতি ছয়শ কোটি ডলার ছাড়িয়ে যায়।

ওই প্রলয়ঙ্করী ভূমিকম্পের পাঁচ বছর পূর্তি ছিল শনিবার। এই বর্ষপূর্তিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে শুক্রবার রাতে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি।

রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল রিকনসট্রাকশন অথরিটির (এনআরএ) মনোহর গিমিরে জানান, ২৪ মার্চ থেকে দেশজুড়ে শুরু হওয়া লকডাউনের কারণে অন্যান্যদের পাশাপাশি নির্মাণকর্মীরাও ঘরে বসে আছেন।

নেপালে মাত্র ৪৯ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি। তবুও দেশটি এক মাসেরও বেশি সময় ধরে লকডাউনে আছে।

রাজনৈতিক লড়াই, আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে জরুরি পুনর্নির্মাণ প্রক্রিয়া ইতোমধ্যেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৫ লাখ বাড়ি নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে, পাশাপাশি ৭ হাজার ৫০০ স্কুলের মধ্যে ৫ হাজার ৩০০টি এবং ৯০০ স্মৃতিস্তম্ভ এবং সাংস্কৃতিক স্থাপনাও নির্মাণ করা হয়েছে। 

ভূমিকম্পের পর জমির মালিকানার কাগজপত্র হারানো বহু লোক এখনো বাড়ি পুনর্নির্মাণ করার জন্য ব্যাংক ঋণের অপেক্ষায় আছেন।

ইনডিপেন্ডেন্ট সেন্টার ফর রিজিলিয়েন্ট ডেভেলপমেন্টর হরি দর্শন শ্রেষ্ঠী জানান, নির্মাণ কাজের ধীর গতি এবং এনআরএ-র অনুমোদিত নির্মাণ উপকরণ ও আবাসন নকশা দেখে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা হতাশ হয়ে পড়েছে। 

“এখনও অনেকেই অরক্ষিত অস্থায়ী কাঠামোতে বসবাস করছেন,” বলেছেন তিনি। 

এ বাস্তবতার মধ্যেই দক্ষিণ এশিয়ার এ দেশটি কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর বিস্তার ঠেকাতে নতুন আরেক লড়াইয়ের মোকাবেলা করছে।