২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার মৃত্যু, শেষকৃত্যে যোগ দেবেন না যোগী আদিত্যনাথ

বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেও শেষকৃত্যে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 04:54 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

এনডিটিভি জানিয়েছে, সোমবার সকালে আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিশ্ত রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এক বিবৃতিতে আদিত্যনাথ জানান, লকডাউন ও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তার দায়িত্বের কারণে মঙ্গলবার বাবার শেষকৃত্যে থাকতে পারবেন না তিনি।

তিনি বলেছেন, “বাবার মৃত্যুর খবর পেয়ে আমি খুব দুঃখ পেয়েছি। বাবা আমাকে সবসময় বিশ্বস্ত, পরিশ্রমী ও নিঃস্বার্থ হওয়ার শিক্ষা দিয়েছেন। তার জীবনের শেষ মূহুর্তে আমি তার সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু উত্তর প্রদেশের ২৩ কোটি মানুষকে রক্ষার দায়িত্বে থাকায় তা করতে পারিনি।

“করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আরোপ করা লকডাউনের কারণে আগামীকাল শেষকৃত্যে উপস্থিত থাকতে পারবো না আমি। আমি আমার মা ও আত্মীয়-স্বজনের প্রতি শেষকৃত্যে উপস্থিত হওয়ার সময় লকডাউনের প্রটোকল অনুসরণ করার আবেদন জানাচ্ছি। লকডাউন শেষ হওয়ার পর আমি সেখানে যাবো।”

কিডনি ও লিভারের সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৯ বছর বয়সী বিশ্ত। শরীরের বেশ কয়েকটি অঙ্গ অকেজো হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার লাশ উত্তরাখণ্ড রাজ্যের পুরি জেলায় তাদের গ্রামের বাড়িতে নেয়া হবে বলে জানা গেছে। 

কোভিড-১৯ সঙ্কট নিয়ে বৈঠক চলার সময় বাবার মৃত্যুর খবর পান আদিত্যনাথ।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ভদ্র, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ ভারতের অনেক রাজনীতিবিদ।

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯৫৯ জন এবং মৃতের সংখ্যা ১৭ জন বলে জানিয়েছে এনডিটিভি।

সোমবার বিকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, ভারতে শনাক্ত হওয়া নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬১৫ জন এবং মৃতের সংখ্যা ৫৫৯ জন।