দিল্লিতে পিৎজা সরবরাহকারী আক্রান্ত, ৭২ পরিবার কোয়ারেন্টিনে
ভারতের দিল্লিতে হোম ডেলিভারিতে পিৎজা সরবরাহকারী এক তরুণের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ৭২টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
১৯ বছর বয়সী ওই তরুণের সংস্পর্শে আসা আরও ২০ জন ডেলিভারি বয়কেও দিল্লির ছত্তরপুরের একটি কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
ওই তরুণ ১২ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে দক্ষিণ দিল্লির তিনটি এলাকার ৭২টি বাড়িতে পিৎজা পৌঁছে দিয়েছেন।
কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ওই তরুণের বিদেশে যাওয়ার কোনো রেকর্ড নেই। আক্রান্ত কোনো পরিবারে পিৎজা পৌঁছে দিতে গিয়েই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা তাদের।
যে কোম্পানির হয়ে তিনি কাজ করেছিলেন, সেই জোমাটো এক বিবৃতিতে বলেছে, “ওই ডেলিভারি বয় কিছু ক্রেতাকে খাবার সরবরাহ করেছিলেন। ডেলিভারির সময় তিনি সংক্রমিত হয়েছেন কিনা আমরা নিশ্চিত নই।”
স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং যে রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে ওই ডেলিভারি হয় বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে।
দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৭৮ জনে দাঁড়িয়েছে, মৃতের সংখ্যা ৩০ জন ছাড়িয়েছে।
বৃহস্পতিবার সকালে দেওয়া জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য বলছে, ভারতের ১২ হাজারেরও বেশি মানুষের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু ঘটেছে ৪২৩ জনের।
