২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১৫ এপ্রিল পর্যন্ত

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মহামারী আইন (এনডেমিক ডিজিজেস অ্যাক্ট) জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2020, 08:09 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

একইভাবে রাজ্যের সব সিনেমা হল, অডিটোরিয়াম, স্টেডিয়াম এবং রিয়েলিটি শো আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে রাজ্য ২শ’ কোটি টাকার তহবিল গঠন করবে। সোমবার মমতা এমন ঘোষণাও দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। তিনি বলেন, “রাজ্যে ৩ লাখেরও বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে এবং তাদের মধ্যে ৫,৫৯০ জনের ওপর নজর রাখা হয়েছে। এখনও পর্যন্ত কারো করোনাভাইরাস ধরা পড়েনি”।

এর আগে পশ্চিমবঙ্গের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। গত শনিবারের ওই নির্দেশ জারির পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৩০ মার্চ একটি পর্যালোচনা বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কিন্তু সোমবার তিনি করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। আর এতেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবেলার কাজে জড়িত সব কর্মী, যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের জন্য পাঁচ লাখ টাকার বীমা করিয়ে দেবে সরকার।