করোনাভাইরাস: দিল্লিতে ৫০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে যে কোনো ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দিল্লির সরকার।
আগামী ৩১ মার্চ পর্যন্ত সব নাইটক্লাব, জিম ও স্পা বন্ধ রাখতে বলা হয়েছে; সম্ভব হলে বিয়ের সব আয়োজন পিছিয়ে দিতেও নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনাভাইরাস নিয়ে একগুচ্ছ নির্দেশনা জারি করেন বলে জানিয়েছে এনডিটিভি।
“৫০ জনের বেশি জমায়েতের সব ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে,” বলেছেন তিনি।
জমায়েতের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বিয়ের অনুষ্ঠানগুলোর জন্য প্রয়োজ্য হবে না জানালেও মানুষজন স্বেচ্ছায় এসব অনুষ্ঠান স্থগিত রাখবে বলেও আশা আম আদমি পার্টির এ শীর্ষ নেতার।
কেজরিওয়াল জানান, অর্থের বিনিময়ে কোয়ারেন্টিনে রাখতে দিল্লির তিনটি হোটেল ঠিক করা হয়েছে।
শহরটির সব স্কুল, কলেজ ও সিনেমা হল গত সপ্তাহ থেকেই বন্ধ রয়েছে।
ভারতে এখন পর্যন্ত বিদেশি নাগরিকসহ ১১৬ জনের দেহে করোনভাইরাস শনাক্ত হয়েছে।
দিল্লিতে মোট সাতজনের দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে; এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, মারা গেছে একজন।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, দিল্লি ছাড়া অপর মৃত্যুটি হয়েছে কর্নাটকে।
