২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস ঠেকাতে বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে ‘নমস্কার’

করোনাভাইরাস সংক্রমণ রুখতে দাওয়াই হিসাবে এবার ভারতীয় কায়দায় নমস্কার করে মানুষকে অভিবাদন জানানোর পদ্ধতিই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2020, 08:17 PM

Updated : 25 Jul 2022, 07:00 PM

করোনাভাইরাস তাণ্ডবের জেরে অনেকের মতো বিশ্ব নেতারাও এখন বিদেশি কায়দার করমর্দন,আলিঙ্গন বা চুমু দিয়ে মানুষকে স্বাগত জানানো কিংবা শুভেচ্ছা বিনিময় বর্জন করছেন। এর পরিবর্তে তারা হাঁটছেন ‘নমস্কার’ পদ্ধতির পথেই।

ভাইরাস থেকে বাঁচতে একে-অপরকে স্পর্শ না করে মানুষকে অভিবাদন জানানোর ভালো উপায় এটি।

তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নমস্তে কৌশলই বেছে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু থেকে শুরু করে যুক্তরাজ্যের যুবরাজ চার্লস, ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ, এমনকী বাদ যাননি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও।

নরেন্দ্র মোদীও এক মন্তব্যে এ বিষয়টি উল্লেখ করে বলেছেন, “গোটা দুনিয়াই এখন নমস্তে বলার অভ্যাস করছে।”

বৃহস্পতিবার আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকরের সঙ্গে বৈঠকে হাত না মিলিয়ে ‘নমস্কার’ করেছেন ট্রাম্প। তারপর সদ্যই ভারত সফর শেষে দেশে ফিরেছেন উল্লেখ করে তিনি বলেছেন, সেখানে কারও সঙ্গে হাত মেলাতে হয় না, নমস্তে বললেই হয়।

যুক্তরাজ্য এবং ফ্রান্সেও জাঁকিয়ে বসছে নভেল করোনাভাইরাস। এরই মধ্যে ফ্রান্সে যান স্পেনের রাজা ও রানি। বুধবার তাদেরকে স্বাগত জানাতে গিয়ে প্রথা ভেঙে প্রেসিডেন্ট ম্যাক্রো কাঁধ কিছুটা ঝুঁকিয়ে জোড়হাতে অভিবাদন জানান। রানির দিকে চুমু ছুড়ে দেন ম্যাক্রোঁর স্ত্রী।

ওদিকে, স্বাস্থবিধি মেনে চলা ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লসকেও করমর্দনের বদলে নমস্কার করতে দেখা গেছে গত ১১ মার্চে। বার্ষিক ‘প্রিন্সে’স ট্রাস্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অতিথিদের ভারতীয় কায়দায় স্বাগত জানিয়েছিলেন তিনি।