দিল্লিতে সহিংসতা: পুলিশের দিকে পিস্তল তাক করা যুবক গ্রেপ্তার
উত্তরপূর্ব দিল্লিতে গত সপ্তাহের সহিংসতার মধ্যে নিরস্ত্র পুলিশ সদস্যের দিকে পিস্তল তাক করা যুবক শাহরুখ চন্দ্রাল শুক্লাকে পুলিশ উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে।
সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভকে ঘিরে দিল্লির বেশ কয়েকটি এলাকায় কয়েকদিনের ওই সহিংসতায় অন্তত ৪৮ জন নিহত ও কয়েকশ আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
সহিংসতার সময় জাফরাবাদ এলাকার এক ভিডিওতে লাল শার্ট পরিহিত শাহরুখকে নিরস্ত্র এক পুলিশ সদস্যের দিকে পিস্তল তাক করে ধরতে, তাকে হুমকি দিতে এবং হাত উপরে তুলে পেছনে হটতে বাধ্য করতে দেখা যায়। ভিডিওতে ৩৩ বছর বয়সী ওই যুবককে বাতাসে কয়েক রাউন্ড গুলিও ছুড়তে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।
দিল্লির সিলামপুরের বাসিন্দা শাহরুখকে পরে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলীয় শামলি জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে আগে কোনো মামলা না থাকলেও তার বাবা মাদক পাচারের মামলায় জামিনে আছেন বলে পুলিশ জানিয়েছে।
নিরস্ত্র পুলিশের দিকে পিস্তল তাক করে ধরার অভিযোগে বৃহস্পতিবার এক সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। আটককৃত ব্যক্তির সঙ্গে গত সপ্তাহের সোমবারের ঘটনার কোনো যোগ নেই বলে পরে নিশ্চিত করে পুলিশ।
