উত্তরপূর্ব দিল্লির নর্দমাতেই মিলল ১১ লাশ
সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে উত্তরপূর্ব দিল্লিতে হয়ে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে ভারতের রাজধানীর নর্দমাতে এখন পর্যন্ত ১১টি লাশ ভেসে উঠেছে।
সব মিলিয়ে কয়েকদিনের ওই সহিংসতা অন্তত ৪৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং সাড়ে তিনশ জনকে আহত করেছে।
হিন্দুস্তান টাইমস বলছে, দিল্লির যে প্যাঁচানো নর্দমাগুলো এতদিন গৃহস্থালির বর্জ্য নিষ্কাশন এমনকী শহরের বিভিন্ন এলাকা চিনতে ব্যবহৃত হয়ে আসছিল, কয়েকদিনে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধারের পর সেগুলোই এখন আরেক আলোচনার উৎস হয়ে উঠেছে।
২৬ ফেব্রুয়ারি দিল্লির নর্দমায় প্রথম যার মৃতদেহ ভেসে উঠেছিল, গোয়েন্দা বিভাগের সেই কর্মী অঙ্কিত শর্মাকে সহিংসতার মধ্যে উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ তার পরিবারের।
সর্বশেষ রোববার ও সোমবার নর্দমাতে পাওয়া গেছে ৫টি অজ্ঞাত মৃতদেহ। এর মধ্যে কয়েকটির অবস্থা এমন যে সেগুলো শনাক্তে ডিএনএ পরীক্ষা করা লাগবে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। ভেসে ওঠা মৃতদেহগুলোর সবই দিল্লির সহিংসতায় নিহত কি না, তা নিয়েও সন্দেহ আছে বলে জানিয়েছে পুলিশ।
দিল্লির এ নর্দমাগুলো এমনই গোলকধাঁধা সৃষ্টি করে যে বাসিন্দারাও অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
“এর একটা কারণ, এগুলো দেখতে একইরকম। অন্য একটি কারণ, বেশিরভাগ বাসিন্দাই এ নর্দমাগুলোকে এলাকার নামে চেনেন। অনেকসময় এসব এলাকাগুলোর মধ্য দিয়ে কয়েকটি করে নর্দমা প্রবাহিত হয়েছে। এমনও হতে পারে যে আমরা যখন গোকলপুরী নর্দমা বা ভজনপুরীর নর্দমার কথা বলছি, তখন আমরা আসলে একই নামের ভিন্ন ভিন্ন নর্দমার কথা বলছি,” বলেছেন সহিংসতা কবলিত যমুনা বিহারের বাসিন্দা হামজা আহমেদ।
নর্দমাগুলো সবই ভাসমান বর্জ্য, জলজ উদ্বিদ ও পলির পুরু স্তরে ভর্তি, জানিয়েছেন হামজার প্রতিবেশী কনিষ্ক কুমার।
এমনকী নর্দমাগুলো কার আওতায়, তা নিয়েও মাঝেমাঝেই জট লেগে যায়। নর্দমাগুলোর কয়েকটি দিল্লি সরকারের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অধীন; কয়েকটি আবার পূর্ব দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের আওতায়।
নর্দমাগুলোর এ নেটওয়ার্ক মূলত একটি মূল নর্দমা- ‘নর্দমা নং ১’কে ঘিরেই আবর্তিত হয়েছে বলে দিল্লির সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের এ ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এটি উত্তর প্রদেশের গাজিয়াবাদের পূর্ব যমুনা খাল থেকে শুরু হয়ে লোনি দিয়ে দিল্লিতে ঢুকেছে। ১২ কিলোমিটার দীর্ঘ এ নর্দমাটি উত্তরপূর্ব দিল্লি ও উত্তর দিল্লির বিশাল অংশ দিয়ে প্রবাহিত হয়ে ওখলা বাঁধ হয়ে নয়ডা দিয়ে বেরিয়ে গেছে।
চারটি বড় বড় নর্দমা বিভিন্ন এলাকা দিয়ে এই ‘নর্দমা নং ১’ কে ছেদ করেছে। এর বাইরে আরও ২৪টি সরু নর্দমাও আছে বলে ওই কর্মকর্তা জানান।
“ভাসমান বর্জ্যই এ নর্দমাগুলোর সবচেয়ে বড় সমস্যা। ২০১৬ সালে সর্বশেষ সংশোধিত নর্দমা ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী এখন দ্বারে দ্বারে গিয়ে বর্জ্য সংগ্রহ করা হয়। যে কারণে নর্দমাগুলোর ব্যাপক অংশ পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে,” বলেছেন পূর্ব দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের জ্যেষ্ঠ প্রকৌশলী ও মুখপাত্র অরুন কুমার।
“পরিচ্ছন্নতার পাশাপাশি নর্দমাগুলোর সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ও জড়িত। এখন যখন এগুলো নিয়ে খবর হচ্ছে, আমাদের আশা এখন এগুলো সরকার ও মিউনিসিপাল সংস্থাগুলোর নজর পাবে,” বলেছেন গোকলপুরী গ্রামের বাসিন্দা দীপক শর্মা।
