কাশ্মীরে জেকেএলএফ’র ধর্মঘট, পুলিশের এফআইআর দায়ের
ভারত-শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) দুইদিনের ধর্মঘট ডেকেছে। এ ধর্মঘট ডাকায় সংগঠনটির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
কাশ্মীরের জেকেএলএফ ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে। ইয়াসিন মালিকের এ সংগঠনটি ৯ ফেব্রুয়ারি রবি এবং ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার কাশ্মীরে বণধের ডাক দিয়েছে। প্রতিষ্ঠাতা মকবুল বাট ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা আফজল গুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষেই বৃহস্পতিবার এ ধর্মঘট ডাকা হয়।
ভারত সরকার গতবছর ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর বিচ্ছিন্নতাবাদীরা এই প্রথম সেখানে ধর্মঘট ডাকল বলে মনে তরা হচ্ছে। কাশ্মীর পুলিশও এই প্রথম নিষিদ্ধ সংগঠন জেকেএলএফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।
বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (১৯৬৭)-এ গত বছরের মার্চে জেকেএলএফকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এনডিটিভি জানিয়েছে, উপত্যকায় বনধ ডাকা নিয়ে জিগ্যাসাবাদ করতে সেখানকার দুই সাংবাদিককেও ডেকে পাঠিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধেও এফআইআর দায়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
