ভারতের মার্কিন দূতাবাসে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
ভারতে রাজধানী দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ২৫ বছর বয়সী ওই যুবক একজন গাড়িচালক। যুবকটি মার্কিন দূতাবাসের কর্মী না হলেও তার বাবা দূতাবাসের একজন কর্মচারী। ফলে সে পরিবারের সঙ্গে সেখানকার স্টাফ কোয়ার্টারেই থাকে।
বিবিসি জানায়, ধর্ষণের শিকার নাবালিকার বাবা-মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর রোববার ওই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার সকালে শিশুটি ধর্ষণের শিকার হয়। চিকিৎসকরা তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন।
শিশুটির পরিবারও দূতাবাস চত্বরেই থাকে। তার বাবা হাউজকিপিং স্টাফ হিসেবে কাজ করেন।
চাণক্যপুরির মার্কিন দূতাবাস এলাকাটি নিরাপদ একটি কূটনৈতিক এলাকা। আরও বেশ কয়েকটি দূতাবাস ও হাইকমিশন সেখানে অবস্থিত। ২৮ একরজুড়ে বিস্তৃত কড়া নিরাপত্তাধীন এ এলাকাতেই এবার ধর্ষণের ঘটনা ঘটল।
তদন্তকারী কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত এবং ভুক্তভোগীর পরিবার একে অপরকে ভালোভাবেই চেনে। শিশুটি বাইরে খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। ওই সময় তার বাবা-মা দূরে কোথাও ছিল।শিশুটি পরে বাড়ি ফিরে ঘটনাটি জানালে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানান, সে ধর্ষণের শিকার হয়েছে।
ভারতের কঠোর শিশু সুরক্ষা আইনের আওতায় অভিযুক্তর বিরুদ্ধে তদন্ত চলছে। ভারত সরকার ২০১৮ সালে দুই শিশু কন্যা ধর্ষণের আলোড়ন সৃষ্টিকারী ঘটনাকে কেন্দ্র করে শিশু ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডর বিধান চালু করেছে।
