২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর: আটকের ৬ মাস পর মুক্তি মিলল সাজ্জাদ লোন, ওয়াহিদ পারার

ভারতে গত বছর জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা কেড়ে নেওয়ার আগে আটক দুই রাজনীতিক সাজ্জাদ লোন ও ওয়াহিদ পারার ৬ মাসের বন্দিদশা শেষ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 04:32 PM

Updated : 08 Apr 2022, 12:19 AM

বুধবার সুপরিচিত এই দুই রাজনীতিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

সাজ্জাদ ও ওয়াহিদকে নিয়ে রোববার থেকে এ পর্যন্ত আটক ৮ রাজনীতিককে মুক্তি দেওয়া হয়েছে। তবে তিন সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধন মাহবুবা মুফতি এখনও বন্দি। এ তিনজনের মুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ না দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ‘উপযুক্ত সময়েই’ তাদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে।

আইন অনুযায়ী, চলতি সপ্তাহেই ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির আটকাদেশ শেষ হওয়ার কথা। ৮৩ বছর বয়সী ফারুক আবদুল্লাহকে আটক করা হয়েছিল জননিরাপত্তা আইনে। ডিসেম্বরে ওই আটকাদেশ আরও তিন মাসের জন্য বাড়ানো হয়েছে।

বিতর্কিত এ জননিরাপত্তা আইনে কর্তৃপক্ষ বিচার ছাড়াই যে কাউকে তিন থেকে ছয় মাস পর্যন্ত আটকে রাখতে পারে।

গত বছরের অগাস্টে ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল ঘোষণার আগে আগে অঞ্চলটির কয়েকশ রাজনীতিককে আটক কিংবা গৃহবন্দি করেছিল।

জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস কনফারেন্সের শীর্ষ নেতা সাজ্জাদ লোন এবং পিডিডির ওয়াহিদ পারা অন্য অনেক রাজনীতিকের সঙ্গে বিধায়ক হোস্টেলেই আটক ছিলেন।

তাদের আগে মঙ্গলবার জম্মু ও কাশ্মীর প্রশাসন পিডিপির দক্ষিণ কাশ্মীরের ওয়াচি এলাকার সাবেক বিধায়ক আইজাজ আহমদ মীর ও কাশ্মীরের ফেডারেশন চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট শাকিল আহমেদ কালান্দারকে মু্ক্তি দেয়।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে দেওয়া বিশেষ মর্যাদা বাতিলের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের ওপর নানান বিধিনিষেধও আরোপ করেছিল।

এসব বিধিনিষেধের মধ্যে ছিল সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা, বিপুল পরিমাণ সৈন্য মোতায়েন এবং মোবাইল ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া।

ভারতের সুপ্রিম কোর্ট পরে কাশ্মীরে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়ার পদক্ষেপকে অংশত বাকস্বাধীনতার মৌলিক অধিকারের লংঘন হিসেবে অ্যাখ্যা দিয়েছিল। কর্তৃপক্ষ পরে উপত্যকাটির মোবাইল ও ইন্টারনেট সংযোগের ওপর বিধিনিষেধ তুলে নেয়।