২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ সোনিয়া গান্ধী দিল্লির হাসপাতালে

ভারতে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে। তিনি জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2020, 09:36 PM

Updated : 08 Apr 2022, 12:18 AM

রোববার সন্ধ্যা ৭ টার দিকে তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভরতি করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন।

চিকিৎসার জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে সনিয়াকে। আর কয়েক দিন পরেই দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে সনিয়ার অসুস্থতার খবরে কংগ্রেস কর্মীরা উদ্বিগ্ন।

১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন সনিয়া।এরপর তার ছেলে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্বে এসেছিলেন। কিন্তু গতবছর লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির জেরে হঠাৎই কংগ্রেস সভাপতি পদ ছাড়ার ঘোষণা দেন রাহুল।

তার পর দীর্ঘ আড়াই মাস ধরে দল নেতৃত্বহীন অবস্থায় থাকার কারণে শেষ পর্যন্ত কংগ্রেসের দায়িত্ব ফের কাঁধে নেন সনিয়া গান্ধী। তাকে অন্তর্বর্তী সভানেত্রী নির্বাচিত করা হয়।