চীনে ভারতের ই-ভিসা বন্ধ, ফ্লাইট বন্ধ করছে ইন্দোনেশিয়া
প্রাণঘাতী করোনাভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়তে থাকায় এবার চীনে বসবাসকারী বিদেশি ও চিনা নাগরিকদের জন্য অনলাইন ভিসা পরিষেবা (ই-ভিসা)সাময়িকভাবে বন্ধ করল ভারত। ওদিকে, ইন্দোনেশিয়াও চীন থেকে আসা এবং চীনে যাওয়ার সব ফ্লাইট বন্ধ করে দিচ্ছে।
এনডিটিভি জানায়, বেইজিং-এ ভারতীয় দূতাবাস জানিয়েছে, “বর্তমান পরিস্থিতির কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে ভারতে যাওয়ার জন্য দেওয়া অনলাইন ভিসা পরিষেবা। এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে চীনা পাসপোর্টধারী এবং চীনে বসবাসকারী অন্যান্য নাগরিকদের ক্ষেত্রে। যাদের ইতিমধ্যেই অনলাইন ভিসা দেওয়া হয়েছে, সেগুলোও আর কার্যকর হবে না”।
দূতাবাস আরো জানিয়েছে, “যারা ভারতে যেতে বাধ্য, তারা বেইজিং-এর ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন অথবা সাংহাই বা গুয়াংঝাউতে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন বা শহরের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রগুলোতে যোগাযোগ করতে পারেন”।
চীনে করোনাভাইরাসে মৃত্যু তিনশ’ ছাড়িয়েছে। চীনের বাইরে ফিলিপিন্সেও এরই মধ্যে একজনের এ ভাইরাসে মৃত্যুর খবর এসেছে।
এ পরিস্থিতিতে ইন্দেনেশিয়া চীনে সব ফ্লাইট বন্ধ করাসহ যারা গত ১৪ দিন চীনে ছিলেন তাদেরকে দেশটিতে প্রবেশও করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া, ইন্দোনেশিয়ায় চীনাদের ফ্রি ভিসা এবং অন এরাইভাল ভিসা স্থগিত করছে সরকার। করোনাভাইরাস মহামারির মধ্যে ইন্দোনেশিয়া তাদের নাগরিকদের চীন ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছে।
