ভারতে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত
কেরালায় প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করার কথা নিশ্চিত করেছে ভারত ।
রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসটিতে আক্রান্ত দ্বিতীয় রোগীকে শনাক্তের তথ্য দেয় বলে জানিয়েছে এনডিটিভি।
এর আগে বৃহস্পতিবার একই রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল ভারত।
নতুন, নিউমোনিয়া সদৃশ প্রাণঘাতী এ ভাইরাস এরই মধ্যে চীনের তিনশ’র বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম দেখা মেলা ভাইরাসটি কয়েক সপ্তাহের ব্যবধানে ২০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভাইরাসটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে।
এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে,“কেরালায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগীকে শনাক্ত করার খবর পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি সাম্প্রতিক সময়ে চীন সফর করেছিলেন। তার অবস্থা এখন স্থিতিশীল, তাকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।”
আক্রান্ত ওই নারী গত ২৪ জানুয়ারি চীন থেকে ভারতে ফিরেছিলেন। তিনি চীনের উহানে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন। দেশে ফিরে গলায় সংক্রমণের কথা জানানোর পর তাকে ত্রিশুরের একটি হাসপাতালে পৃথক ব্যবস্থায় রাখা হয়েছিল।
প্রাণঘাতী এ ভাইরাসটির সংস্পর্শে এসেছিল, কেরালার এমন সন্দেহভাজন এক হাজার ৭০০রও বেশি বাসিন্দাকে তাদের বাড়িতে রেখেই নজরদারি করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালের পৃথক ও বিচ্ছিন্ন ওয়ার্ডগুলোতে আরও ৭০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
“আমরা নানামাত্রিক নজরদারি ও সহযোগী ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুত রয়েছি। ২৮ দিন ঘরের ভেতর বিচ্ছিন্ন করে রাখা খুবই গুরুত্বপূর্ণ,” চীন থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের তাগিদ দিয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।
জানুয়ারির ১ তারিখ থেকে চীনফেরত কারও জ্বর, কাশি বা নিঃশ্বাসে সমস্যা দেখা দিলে তাকে শিগগিরই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্তে শনিবার পর্যন্ত দেশটির বিভিন্ন বিমানবন্দরে ৩২৬টি ফ্লাইটের ৫২ হাজারের বেশি যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন ৯৭ জনকে পৃথক ব্যবস্থাপনায় রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভাইরাসটির সংস্পর্শে এসেছিল এমন সন্দেহভাজনদের দিল্লি, মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরের হাসপাতালের বিচ্ছিন্ন ওয়ার্ডগুলোতে নজরদারিতে রাখা হচ্ছে।
রোববার সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উহানে আটকে পড়া ৩২৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে তাদের বহন করা বিমানটি ভারতের মাটি ছোঁয়। শনিবার এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বোয়িং-৭৪৭ বিমান আরও ৩২৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছিল।
