মোদীর রক্ষীদলের বাজেট ৬০০ কোটি ছুঁই ছুঁই
দেশের আর্থিক দোলাচলের মধ্যেই ভারতের নতুন বাজেট ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
শনিবার ঘোষিত এই বাজেটে ভারতের প্রধানমন্ত্রীর সুরক্ষায় নিয়োজিত স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) বরাদ্দ বাড়িয়ে ৫৪০ কোটি রুপি থেকে প্রায় ৬০০ কোটি রুপি করা হয়েছে।
ভারতের গতবারের বাজেটে এসপিজির বরাদ্দ ৪২০ কোটি রুপি থেকে বাড়িয়ে ৫৪০ কোটি রুপি করা হয়েছিল।
বর্তমানে তিন হাজার সদস্যের এই শক্তিশালী বাহিনীটি শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করছে, জানিয়েছে এনডিটিভি।
এর আগে ভারতীয় কংগ্রেসের নেতা ও গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রকেও সুরক্ষা দিতে এসপিজি নিয়োজিত ছিল। কিন্তু গত নভেম্বরে ক্ষমতাসীন বিজেপি সরকার বাহিনীটির নিরাপত্তা দেওয়ার নীতিতে পরিবর্তন আনার পর তাদের এসপিজির পাহারা তুলে নেওয়া হয়।
এনডিটিভি বলেছে, এই পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সূত্রগুলো গান্ধী পরিবারের বিভিন্ন নিরাপত্তা প্রটোকল লঙ্ঘনকে দায়ী করেছে এবং এদের মধ্যে রাহুল গান্ধী ‘প্রতিদিন একটি নিরাপত্তা নীতি’ লঙ্ঘন করতেন বলে জানিয়েছে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এসপিজি পাহারা অগাস্টে প্রত্যাহার করা হয়। এর আগে আরও দুই সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেব গৌড়া ও ভিপি সিংয়ের এসপিজি পাহারাও তুলে নেওয়া হয়।
রাহুল গান্ধীর দাদি ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার এক বছর পর ১৯৮৫ সালে এসপিজি প্রতিষ্ঠা করা হয়। ভারতের প্রধানমন্ত্রীদের সুরক্ষা দেওয়াই এই বাহিনীটির কাজ।
১৯৯১ সালে রাহুল গান্ধীর বাবা ভারতের আরেক সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীকে হত্যার পর তার পুরো পরিবারকে এসপিজি সুরক্ষার আওতায় আনা হয়েছিল।
১৯৯৯ সালে অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এসপিজির কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত নেয়, তারপর সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসীমা রাও, এইচডি দেব গৌড়া ও আইএক গুজরালের এসপিজি সুরক্ষা প্রত্যাহার করে।
২০০৩ সালে বাজপেয়ি সরকার আইন সংশোধন করে ‘অটোমেটিক প্রটেশকশন’ এর নূন্যতম মেয়াদ ১০ বছর থেকে কমিয়ে এক বছরে নামিয়ে আনে এবং এর সঙ্গে একটি ধারা যুক্ত করে প্রতি বছর নীতি পর্যালোচনার সুযোগ রাখে ও হুমকির মাত্রা বিবেচনায় সুরক্ষার আওতা বৃদ্ধির বিধান করে।
অটল বিহারি বাজপেয়ী ২০১৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত এসপিজি সুরক্ষার আওতাধীন ছিলেন।
গত বছর এসপিজি অ্যাক্ট ফের সংশোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সংশোধিত অ্যাক্টে শুধু বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীদের এবং তাদের সঙ্গে বসবাসরত পরিবারের সদস্যদের এসপিজি সুরক্ষা দেওয়ার কথা বলা হয় এবং কোনো প্রধানমন্ত্রী দপ্তর ছাড়ার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এসপিজি সুরক্ষা পাবেন বলে বিধান করা হয়।
