জিম্মিকারী মরল পুলিশের গুলিতে, স্ত্রীকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা
ভারতে নিজের এক বছরের সন্তানের মিথ্যা জন্মদিনের পার্টিতে ডেকে ২৩ শিশুকে জিম্মি করা এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার পর স্থানীয়রা তার স্ত্রীকেও পিটিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশের ফররুখাবাদে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।
জিম্মিকারীর নাম সুভাষ বাথাম; তিনি একটি হত্যা মামলার আসামি হলেও সম্প্রতি জামিনে ছিলেন, জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
বিবিসি জানায়, শিশুদের জিম্মি করার খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে পৌঁছার পরও উদ্ধার পর্ব শেষ হতে ১০ ঘণ্টার মতো লাগে। কর্মকর্তারা দীর্ঘক্ষণ ধরে সুভাষকে আত্মসমর্পণে চাপ দিলেও তাতে সাড়া মেলেনি।
পরে বাধ্য হয়েই পুলিশ ভবনটির ভেতরে ঢুকে; গোলাগুলির এক পর্যায়ে জিম্মিকারী নিহত হন।
সুভাষের হাতে জিম্মি ছয় মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শিশুদের জিম্মি করে রাখার এ ঘটনায় ফররুখাবাদের বাসিন্দারা আতঙ্কের রাত কাটিয়েছে বলে স্থানীয় সাংবাদিক দীপক কুমার শ্রীবাস্তব জানিয়েছেন।
“পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কেউ ঘুমাননি। সবাই শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পুলিশ জিম্মিকারীকে আত্মসমর্পণে রাজি করাতে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা করে। তারা ব্যর্থ হওয়ার পর ডাকা হয় বিশেষ বাহিনীকে,” বলেন তিনি।
সুভাষ তার এক বছরের মেয়ের জন্মদিনের কথা বলে গ্রামের শিশুদের ডেকে এনেছিলেন। এরপর নিজের স্ত্রী আর মেয়েকেসহ ওই শিশুদের জিম্মি করেন।
“তিনি মনে করতেন, খুনের মামলায় তার গ্রেপ্তার হওয়ার পেছনে গ্রামবাসীদের দায় আছে, তাই তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন,” বলেন দীপক।
জিম্মি করার ৭ ঘণ্টা পর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে সুভাষ ছয় মাস বয়সী একটি শিশুকে বেলকনি দিয়ে প্রতিবেশীদের হাতে তুলে দিয়েছিলেন।
প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সুভাষ তাদের লক্ষ্য করে গুলিও ছুড়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
“তার গুলি করার সক্ষমতা সম্বন্ধে অবগত হয়ে এবং তার বোমা মারার হুমকি শুনে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা সবশেষে আক্রমণের সিদ্ধান্ত নেন। আমরা বাড়িটিতে ঢোকার চেষ্টা করি, পরে গোলাগুলিতে সুভাষ নিহত হন,” বলেছেন উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক ওম প্রকাশ সিং।
গোলাগুলিতে সুভাষের স্ত্রী, দুই পুলিশ সদস্য এবং এক পথচারীও আহত হন বলে জানিয়েছেন তিনি।
তবে পুলিশের গুলিতে জিম্মিকারীর মৃত্যু হলেও রোষ থামেনি এলাকার উত্তেজিত জনতার।
ঘটনার প্রতিক্রিয়ায় পরে সুভাষের স্ত্রীকেও স্থানীয় জনতা ব্যাপক মারধর করে বলে এনডিটিভি জানিয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
