২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারপোলের সাবেক প্রধানের সাড়ে ১৩ বছরের জেল

ঘুষ গ্রহণের অভিযোগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হংওয়েইকে সাড়ে ১৩ বছরের জেল এবং ২০ লাখ ইউয়ান জরিমানা করেছে চীনের আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2020, 10:41 PM

Updated : 08 Apr 2022, 12:14 AM

মঙ্গলবার চীনের তিয়ানজিন ১নং ইন্টারমেডিয়েট পিপলস কোর্ট এ রায় দেয় বলে জানিয়েছে বিবিসি।আদালতের বিবৃতিতে বলা হয়েছে রায়ের বিরুদ্ধে মেং আপিল করতে পারবেন না।

ইন্টারপোলের প্রথম চীনা প্রধান মেং ২০১৮ সালের সেপ্টেম্বরে ফ্রান্স থেকে চীনে ভ্রমণে গিয়ে নিখোঁজ হন। বেশ কিছুদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে চীন সরকার জানায়, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় মেংকে আটক করা হয়েছে এবং তিনি ২০ লাখ ডলার ঘুষ নেওয়ার কথা স্বীকারও করেছেন।

ইন্টারপোলের প্রধান হিসাবে মেং এর থাকার কথা ছিল ২০২০ সাল পর্যন্ত। কিন্তু চীনে নিখোঁজ হওয়ার ঘটনার কিছুদিন পর তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। মেং ব্যক্তিগত ফায়দার জন্য তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলেও অভিযোগ করে আসছে চীনের কমিউনিস্ট পার্টি।

মেং গতবছর তার দোষ স্বীকার করেন। তার স্ত্রী সম্প্রতি রাজনৈতিক আশ্রয়ে ফ্রান্সে বাস করছেন। স্বামী মেং এর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।