মৌমাছির কবলে অন্ধ্রের সেচমন্ত্রী
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সেচমন্ত্রী অনিল কুমার যাদব এক প্রকল্প পরিদর্শনে গিয়ে এক ঝাঁক মৌমাছির হামলার শিকার হয়েছেন।
শুক্রবার রাজ্যের কুরনুল জেলার বানাকাচেরলা গ্রামের গিয়ে তিনি এই বিপত্তির শিকার হন বলে জানিয়েছে এনডিটিভি।
সেখানে প্রকল্প পরিদর্শনের সময় একটি মই দিয়ে ওপরে ওঠার পর মৌমাছিরা তার ওপর চড়াও হয়। তাকে হাত দিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করতে দেখা যায়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি, আক্রান্ত অবস্থায় আত্মরক্ষা করতে একটি জ্যাকেটের তলায় লুকান তিনি।
ওই অবস্থায়ই ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন।
এ সময় তার সঙ্গে কয়েকজন বিধায়ক ও সেচ প্রকল্পের কয়েকজন কর্মকর্তা ছিলেন। তারা প্রথমে তেলেগু গঙ্গা ও কেসি স্কেপ খাল পরিদর্শন করেন। তারপর তারা গালেরু নগরী খালের স্লুইস গেটের কাছে যান। এখানে মই দিয়ে উঠে প্রকল্প দেখার সময় মৌমাছিরা তাদের ওপর চড়াও হয়।
মন্ত্রীসহ মৌমাছিল হুঁলে আহতদের পরে স্থানীয় আতমাকুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
