গান্ধীর খুনিকে ‘দেশভক্ত’ বলায় তোপে বিজেপি সাংসদ প্রজ্ঞা
ভারতের লোকসভায় মহাত্মা গান্ধীর হত্যাকারী ‘নাথুরাম গডসে’কে ‘দেশভক্ত’ বলে বিতর্ক সৃষ্টি করায় তোপে পড়ে শেষমেশ শাস্তিও পেতে হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে।
সংসদে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে সোচ্চার হয়েছিল বিরোধীরা। চাপের মুখে প্রজ্ঞার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় দল। লোকসভার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। কিছুদিন আগেই প্রজ্ঞাকে ওই কমিটির সদস্য করা হয়েছিল।
আনন্দবাজার পত্রিকা জানায়, প্রজ্ঞার মন্তব্যের কড়া নিন্দাও করেছে বিজেপি। তার ওই মন্তব্যের জেরে দল যে প্রজ্ঞার পাশে নেই তা সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা।
তিনি আরো জানান, “লোকসভার চলতি অধিবেশনে বিজেপির সংসদীয় দলের বৈঠকগুলিতেও প্রজ্ঞাকে উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছে।’’
এর আগেও ভোটের প্রচারে একই মন্তব্য করেছিলেন সাধ্বী প্রজ্ঞা। বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় তিনি ফের বলেন, ‘নাথুরাম গডসে এক জন দেশভক্ত।’ অর্থাৎ, মহাত্মা গান্ধীর আততায়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্য নাথুরাম গডসে একজন দেশপ্রেমিক।
তার কথা শুনে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন বিরোধীরা। ভারতীয় কংগ্রেস পার্টি একে অত্যন্ত নিন্দনীয় মন্তব্য আখ্যা দিয়েছে। টুইটে কংগ্রেস নেতা রাহুল বলেন, “সাধ্বী প্রজ্ঞার এ মন্তব্য আদতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মনের কথা। বিজেপি’র অন্তরের কথা।”
এমন আক্রমণে অস্বস্তিতে পড়ে যান বিজেপি সাংসদরা। পরিস্থিতি সামলাতে প্রজ্ঞাকে ধমক দিয়ে বসিয়ে দেন বিজেপির শীর্ষ নেতারা।
