মহারাষ্ট্রে আস্থা ভোটের আগেই ফড়নবিশের পদত্যাগ
ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরই পট পরিবর্তন হল মহারাষ্ট্রের। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দেবেন্দ্র ফড়নবীশ। উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে এর আগেই পদত্যাগ করেছিলেন অজিত পাওয়ার।
ফড়নবীশ পরে সাংবাদিক সম্মেলন করে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফড়নবীশ বলেন, অজিত পাওয়ারের ইস্তফার পর তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই তিনি পদত্যাগ পত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ফড়নবীশ বলেন, 'অজিত পাওয়ার তার পদত্যাগপত্র আমাকে দিয়েছেন। এনসিপি আমাদের সঙ্গে ছিল বলেই আমরা সরকার গড়তে চেয়েছিলাম। যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তাই আমিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।'
আনন্দবাজার জানায়, আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে উদ্ধব ঠাকরকে বেছে নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর উদ্ধব শপথ নেবেন।
মহারাষ্ট্রে শেষমেশ গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন উদ্ধব। তিনি বলেন, ‘‘আপনারা যে দায়িত্ব তুলে দিয়েছেন, যা গ্রহণ করলাম আমি। আজ যা ঘটল, এটাই আসল গণতন্ত্র। একজোট হয়ে রাজ্যের কৃষকদের চোখের জল মোছার চেষ্টা করব আমরা।’’
