২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো রঙের শাড়িতে নারী বৈষম্যের প্রতিবাদ

নারী বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার হাতিয়ার হিসেবে কালো রঙের শাড়ি বেছে নিয়েছেন ভারতের ডিজাইনার শর্মিলা নাইর। তিনি কালো রঙের ১৮টি শেডের শাড়ি নকশা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2019, 01:10 PM

Updated : 10 Oct 2022, 09:34 PM

ভারতে কালো রঙ অশুভ এবং খারাপ হিসেবে বিবেচিত হয়। সেখানে কোনো আনন্দ আয়োজন বা অনুষ্ঠানে কালো রঙের পোশাক না পরার প্রথা দীর্ঘদিনের।

শর্মিলা অদৃশ্য ওই সব নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোরাল রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে তাই কলো রঙকেই বেছে নিয়েছেন। 

কেরালার শতাব্দী প্রাচীন মন্দির শবরীমালায় ঋতুমতী নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে গত বছর আন্দোলনের সময় লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিছু একটা করার তাগিদ অনুভব করেন বলে বিবিসিকে জানান শর্মিলা।

বলেন, “ওই আন্দোলনে এত নারীর অংশ গ্রহণ সত্যিই আমাকে আবাক করে।”

প্রতিবাদের ভাষা হিসেবে কালো রঙের ১৮টি শেড বেছে নেওয়ার ব্যাখ্যায় তিনি আরো বলেন, “কারণ শবরীমালা মন্দিরের থেকে ১৮ পা দূরে নারীদের থেমে যেতে হয়। আর মন্দিরে ভক্তরা কালো পোশাক পরে যায় বলে আমি ওই রঙকে বেছে নিয়েছি। এছাড়া আমাদের সমাজে কালো বর্ণের মেয়েদেরও বৈষম্যের শিকার হতে হয়।”

হিন্দু ধর্ম বিশ্বাসে ঋতুমতী নারীদের ‘অপবিত্র’ বলে বিবেচনা করা হয়। তাই প্রথাগতভাবে নারীদের ওই সময়ে মন্দিরে প্রবেশে করা নিষেধ।

এছাড়া, শৈশবেই লিঙ্গ বৈষম্যের বীজ শিশুদের মনে বপণ করে দেওয়া হয় বলেও মনে করেন শর্মিলা।

বলেন, “আমাদের শেখানো হয় ছেলে এবং মেয়ে আলাদা। মেয়েদের উচ্চস্বরে কথা বলতে বা হাসতে নিষেধ করা হয়। মেয়েরা একটু বড় হলেই তাদের বিয়ে এবং মা হওয়ার জন্য জোরাজুরি শুরু হয়ে যায়। এখনো ভারতের বেশিরভাগ অঞ্চলে মেয়েদের বয়স ১৮ হলেই পরিবার তার বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। আর বিয়ের পর শুরু হয় মা হওয়ার তাড়া। এক বাচ্চা জন্মের পর আবার কবে বাচ্চা নেবে সেই প্রশ্ন শুরু হতে দেরি হয় না।”

নারীরা এ সব বৈষম্য নিজেদের মধ্যে পুরোপুরি ধারণ করে ফেলেছে বলেও মনে করেন তিনি। বলেন, “আমরা নারী ক্ষমতায়নের কথা ঠিকই বলি। কিন্তু যেহেতু নারীদের সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে এবং মেনে নিতে শেখানো হয়, তাই বেশিরভাগ সময় নারীরা অবচেতনভাবেই নিজেরা নিজেদের উপর ওই বিধিনিষেধ আরোপ করা শুরু করেন।

“আমি অদৃশ্য এইসব নিষেধাজ্ঞা সবার চোখের সামনে তুলে ধরার চেষ্টা করছি।”

বিবিসি জানায়, শর্মিলা পোশাক দিয়ে দীর্ঘদিনের বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাতে এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলতে চান।

তিনি শারীরিক গড়ন নিয়ে বিদ্রুপ, চামড়ার রঙ নিয়ে বৈষম্য, বাল্যবিবাহ, রজঃস্রাব নিয়ে প্রচলিত বিশ্বাস, জাত-পাত নিয়ে বৈষম্য, পুরুষতান্ত্রিক সমাজ এমনকি নারীদের নোংরা শৌচাগার ব্যবহারে বাধ্য করার মত সমাজে চলে আসা দীর্ঘদিনের কুপ্রথার বিরুদ্ধে লড়াই করতে চান।

“আমার এই লড়াই সহজ নয়। বিশেষ করে নারীদের তাদের জীবন সংগ্রামের গল্প নিয়ে এগিয়ে আসতে রাজি করাতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে,” বলেন এই নকশাকার।

“আমি ৮০ থেকে ৯০ জন নারীর সঙ্গে কথা বলেছি। তারা আমাকে তাদের ব্যক্তিগত সংগ্রামের কথা বলেছেন। কিন্তু তাদের বেশিরভাগই সেগুলো রেকর্ড করাতে রাজি ছিলেন না। তাদের ভয়, শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার নিয়ে যে বিরোধ চলছে তারা তার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এর ফল কী হতে পারে বা বৃহত্তর সমাজ সেটিকে কিভাবে গ্রহণ করবে তা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে শেষ পর্যন্ত ১৮ জন ‘অসাধারণ নারী’ তার পাশে এসে দাঁড়ান এবং নিজেদের জীবন সংগ্রামের এবং কিভাবে সব কিছুর বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠিত হয়েছেন তার গল্প বলতে রাজি হন।

শর্মিলার মডেলদের মধ্যে আইনজীবী, অভিনেত্রী, কবি, মনরোগ বিশেষজ্ঞ, লেখিকা, প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারী এবং একজন গৃহিণী রয়েছেন।